লাদেনের স্ত্রী ও সন্তানেরা নয় দিনের রিমান্ডে
পাকিস্তানের একটি আদালত গতকাল শনিবার আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ইয়েমিনি স্ত্রীসহ পরিবারের সদস্যদের নয় দিনের রিমান্ডে নিয়েছেন। তাঁদের আইনজীবী এ কথা জানিয়েছেন।গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের অভিযানে বিন লাদেন যখন নিহত হন, তখন তাঁর সঙ্গে ছিলেন তাঁর সবচেয়ে কম বয়স্ক স্ত্রী আমাল আবদুলফাত্তাহ।আমালের আইনজীবী মুহাম্মাদ আমির গতকাল বলেন, ‘প্রাথমিক শুনানির পর আমাল ও তাঁর পাঁচ সন্তানকে নয় দিনের বিচার বিভাগীয় রিমান্ডে নিয়েছেন আদালত।মুহাম্মদ আমির জানান, আমালের ভাই জাকারিয়া আহমেদ আবদ আল-ফাত্তাহ তাঁর বোন ও তাঁর সন্তানদের পক্ষে আইনি লড়াইয়ে তাঁকে নিয়োগ করেছেন।আইনজীবী জানান, আমালের সঙ্গে তিনি নিজে এবং তাঁর ভাইয়ের সাক্ষাতের আবেদন জানাবেন তিনি।এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছিলেন, অবৈধভাবে প্রবেশ করে পাকিস্তানে বসবাস করার ঘটনায় লাদেনের তিন স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের কাছে পাকিস্তানি কোনো ভিসা ছিল না। দোষী সাব্যস্ত হলে তাঁরা ঠিক কী ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন, তা-ও তিনি পরিষ্কার করেননি। এএফপি।