যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরে গত শনিবারের গুলিবর্ষণের ঘটনায় ২২ বছর বয়সী জারেড লাফনারের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ। ওই হামলায় একজন মার্কিন কংগ্রেস সদস্য গুরুতর আহত হন। নিহত হয় ছয়জন।ফেডারেল কৌঁসুলিরা কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডসকে হত্যাচেষ্টা ও অন্য দুজন সরকারি কর্মকর্তাকে হত্যার অভিযোগ এনেছে জারেড লাফনারের বিরুদ্ধে।দোষী সাব্যস্ত হলে লাফনারকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।টুসন শহরে এক সমাবেশে গিফোর্ডসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি গিফোর্ডসের মাথায় লাগে। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।বন্দুকধারী খুব কাছ থেকে গিফোর্ডসের ওপর গুলি চালায়। এরপর বন্দুকধারী সমবেত জনতার ওপর গুলি চালাতে শুরু করে। নিহত ব্যক্তিদের মধ্যে নয় বছর বয়সী একটি মেয়ে ও একজন ফেডারেল বিচারকও রয়েছেন। হামলায় আহত হয়েছে ১৪ জন।স্থানীয় শেরিফ ক্লারেন্স ডুপনিক বলেন, বন্দুকধারী যখন আবারও তাঁর বন্দুকে গুলি ঢোকানোর চেষ্টা করছিলেন, তখন এক নারী তাঁকে বাধা দেন। ওই নারী বন্দুকধারীর কাছ থেকে বুলেটের একটি ম্যাগজিন ছিনিয়ে নেন। তবে ওই বন্দুকধারী বন্দুকে আরেকটি ম্যাগজিন ভরতে সক্ষম হন। কিন্তু ওই সময় বন্দুকে সমস্যা দেখা দেয়। এরপর দুই ব্যক্তি তাঁকে নিবৃত্ত করেন।পুলিশ লাফনারের টুসনের বাড়ি তল্লাশি করেছে। পুলিশ জানায়, তারা বাড়ি তল্লাশি চালিয়ে একটি খাম উদ্ধার করেছে। সেখানে একটি বার্তা লেখা ছিল। বার্তাটি ছিল এ ধরনের—তিনি গিফোর্ডসকে হত্যার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।সরকারি কৌঁসুলিরা লাফনারকে ফেডারেল বিচারক জন রোল ও গিফোর্ডসের সহকারী গেইব জিমারম্যানকে হত্যার জন্য অভিযুক্ত করেছেন। তাঁর বিরুদ্ধে গুলি করে গিফোর্ডসকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অন্য দুই সহকারীকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে লাফনারের বিরুদ্ধে।বিচার বিভাগ জানায়, গতকাল সোমবার লাফনারকে ফিনিক্সের আদালতে হাজির করার কথা।রাজ্য কর্তৃপক্ষ আশা করছে, বেসরকারি কর্মীদের ওপর হামলার জন্য পরে লাফনারের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। কয়েকজন সাবেক সহপাঠী লাফনারকে বিশৃঙ্খল হিসেবে বর্ণনা করেছেন।বলা হচ্ছে, নিঃসঙ্গ লাফনার সোশ্যাল-নেটওয়ার্কিং সাইটগুলোয় বেশ কয়েকটি সরকারবিরোধী ভিডিও এবং বার্তা পোস্ট করেছেন। হামলার সামান্য আগে লাফনার একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘বিদায় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আমার প্রতি রাগান্বিত হবে না।’গিফোর্ডসকে যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানকার চিকিৎসকেরা বলেছেন, তাঁর সেরে ওঠার ব্যাপারে তাঁরা ‘সতর্ক আশাবাদী’। বিবিসি।