লাভ প্যারেডে দুর্ঘটনার জন্য আয়োজকদের দায়ী করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাফ আহমেদ, সোলিংগেন (জার্মানি)জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডুইশবুর্গে লাভ প্যারেডে দুর্ঘটনার জন্য আয়োজকদের দায়ী করেছে প্রত্যক্ষদর্শীরা। গত শনিবার ওই প্যারেডে অংশ নিতে গিয়ে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০০ জন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।প্যারেডে অংশগ্রহণকারীরা আয়োজকদের কঠোর সমালোচনা করে বলে, প্যারেডে অংশ নেওয়ার জন্য একটিমাত্র পথ ছিল। এ কারণে ভিড় হতে পারে, সে বিষয়টিও তারা পুলিশকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি কানেই তোলেনি। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘লাখ লাখ মানুষকে কারাগারের মতো চারদিক দিয়ে আটকে রাখা যায় না। পর্যাপ্ত প্রবেশপথ থাকলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।’শোক প্রকাশ করে অ্যাঙ্গেলা মেরকেল বলেন, তরুণ-তরুণীরাই এই প্যারেডে অংশ নেয়। প্যারেডে অংশ নিতে গিয়ে হতাহত হওয়ার বিষয়টি দুঃখজনক। হতাহত ব্যক্তিদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান মেরকেল।ডুইশবুর্গের মেয়র এডলফ সাওয়ারল্যান্ড বলেন, ‘এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করার মতো ভাষা আমার নেই। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।’ এদিকে আয়োজকেরা জানান, প্যারেডে এত মানুষ অংশ নেবে তা তাদের ধারণাতেও ছিল না। আড়াই লাখের জন্য আয়োজিত অনুষ্ঠানে অন্তত ১৪ লাখ তরুণ-তরুণী অংশ নেয়। তারা নিরাপত্তার ব্যাপারেও যথেষ্ট সজাগ ছিলেন। কিন্তু চাপ সামলানো সম্ভব হয়নি।