লাল মসজিদ অভিযানে সমর্থন করায় খুন হন বেনজির
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ঐতিহাসিক লাল মসজিদে নিরাপত্তা বাহিনীর অভিযানে সমর্থন দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন।পাকিস্তানের একটি সন্ত্রাসবাদবিরোধী আদালতে (এটিসি) গতকাল রোববার স্বীকারোক্তিমূলক তিনজনের জবানবন্দি পড়ে শোনান ম্যাজিস্ট্রেট তৌফিক আহমেদ। গতকাল রাওয়ালপিন্ডি কেন্দ্রীয় কারাগারে বেনজির হত্যা মামলার শুনানি হয়।তৌফিক আহমেদ শুনানিতে অংশ নিয়ে বলেন, বেনজির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া রাফাকাত হুসেইন, হুসনাইন গুল ও আইতজাজ শাহ ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাঁরা বলেন, তাঁদের উদ্দেশ্য ছিল শুধু বেনজিরকে হত্যা করা। কিন্তু ওই হামলায় আরও ২৩ জন নিহত হয়। বেনজিরকে হত্যায় তাঁদের কোনো অনুশোচনা নেই। তবে অন্যদের হত্যা করায় তাঁদের যে শাস্তিই হোক, তাঁরা মেনে নেবেন। জবানবন্দিতে তিন ব্যক্তি বলেন, বেনজিরকে হত্যায় তেহরিক-ই-তালেবান ও পাকিস্তানের তৎকালীন প্রধান বায়তুল্লাহ মেহসুদের কাছ থেকে তাঁরা তিন লাখ ৬০ হাজার রুপি নেন। মেহসুদের ঘনিষ্ঠ বলে পরিচিত আবদুল্লাহ ওরফে সাদ্দাম ও ইসমাইল তাঁদের ওই অর্থ দেন। অর্থের পাশাপাশি সাইদ ওরফে বিলাল ও ইকরামুল্লাহ নামের দুজন আত্মঘাতী হামলাকারীকেও তাঁদের সঙ্গে দেওয়া হয়।হুসেইন, হুসনাইন গুল ও আইতজাজ শাহ আরও জানান, আত্মঘাতী হামলাকারীদের ব্যবহারের জন্য তাঁরা একটি পিস্তল কেনেন। পরিকল্পনা ছিল, রাওয়ালপিন্ডিতে সমাবেশের নির্ধারিত মঞ্চের কাছ থেকে গুলি ছুড়ে হত্যা করা হবে বেনজিরকে। কিন্তু কড়া নিরাপত্তার কারণে মঞ্চের কাছে পৌঁছানো তাঁদের পক্ষে সম্ভব হয়নি। পরে সমাবেশস্থলের মূল ফটকের সামনে একজন ও বের হওয়ার জন্য নির্ধারিত ফটকের সামনে অন্যজন অবস্থান নেন। সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় আত্মঘাতী হামলা ও গুলিতে নিহত হন বেনজির।গতকালের শুনানি শেষে বিচারক শহীদ রফিক ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবির ঘোষণা করেন।পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান ও দেশটির দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেনজির ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী জনসভা শেষে নিজের গাড়িতে ওঠার সময় আত্মঘাতী হামলায় নিহত হন। দ্য ডন অনলাইন।