লালু কয়েদিদের রাষ্ট্রবিজ্ঞান শেখাবেন!
ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালুপ্রসাদ যাদব রাঁচির বিরসা মুণ্ডা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা শেখাবেন। গত সোমবার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে লালু ওই কারাগারে রয়েছেন। মামলায় তাঁর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
কারা সুপারিনটেনডেন্ট বীরেন্দ্র কুমার বলেন, ‘বয়স, স্বাস্থ্য ও রাজনৈতিক মর্যাদার কারণে আমরা তাঁকে কঠিন কাজ করতে দিতে পারি না। আমি তাঁকে কয়েদিদের শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করব। তিনি যদি রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষা দেন তাহলে ভালো হবে।’
সশ্রম কারাদণ্ডের শর্ত অনুযায়ী বিহারের এ প্রতাপশালী রাজনীতিককে কারা কর্তৃপক্ষের নির্ধারিত কাজ করতে হবে। শিক্ষাদান একটি হালকা কাজ হিসেবে বিবেচিত। এ জন্য তিনি ২৫ রুপি করে পাবেন। লালু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে লেকচার দেন। টাইমস অব ইন্ডিয়া।