
১৭ বছর আগের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন। গতকাল সোমবার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে রাঁচির বীরসা মুন্ডা কারাগারে নেওয়া হয়। আদালতে হাজির হতে গত রোববার তিনি পাটনা থেকে রাঁচি যান।
গতকাল ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত লালুসহ ৪৫ জনকে সাব্যস্ত করেন। আগামী বৃহস্পতিবার লালুসহ অন্যদের সাজা ঘোষণা করা হবে। লালুর চার থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। এমন সাজা হলে তিনি লোকসভার সদস্যপদ খোয়াবেন। তাঁকে হাইকোর্ট থেকে জামিন নিতে হবে।
দোষী সাব্যস্ত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন বিহারের সাবেক কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র, সংযুক্ত জনতা দলের লোকসভা সদস্য জগদীশ শর্মা, অবসরে যাওয়া চারজন আইএএস কর্মকর্তা ও একজন আয়কর কমিশনার।
বিশ্লেষকেরা বলছেন, এই রায় শুধু ঐতিহাসিকই নয়, এই রায়ের ফলে বিহারে নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। ঝাড়খন্ডেও এর প্রভাব পড়তে পারে। ওই রাজ্যে কংগ্রেস ও লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সমর্থনে ঝাড়খন্ড মুক্তি মোর্চা সরকার চালাচ্ছে।
পশুখাদ্য কেলেঙ্কারির মামলাটি ১৭ বছরের পুরোনো হলেও তদন্ত শুরু হয় ২৮ বছর আগে। ১৯৮৫ সালে তৎকালীন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল টি এন চতুর্বেদী লক্ষ করেন, বিহার ট্রেজারি ও কিছু সরকারি বিভাগ মাসিক হিসাব দাখিলে দেরি করছে। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর সিংকে চিঠি লিখে স্বল্প সময়ের জন্য তহবিল তছরুপের বিষয়ে সজাগ করেন। নজরদারির মাধ্যমে জানা যায়, রাজ্যে আর্থিক দুর্নীতির সঙ্গে বিভিন্ন মহলের একটা আঁটোসাঁটো যোগসাজশ রয়েছে। ১৯৯২ সালে রাজ্যের দুর্নীতি দমন ভিজিল্যান্স বিভাগের পরিদর্শক বিভূতিভূষণ দ্বিবেদী পশুপালন মন্ত্রণালয়ের দুর্নীতি সম্পর্কিত এক প্রতিবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভিজিল্যান্স বিভাগের বড়কর্তার যোগসাজশের কথা উল্লেখ করেন। সেই প্রতিবেদনে ভুয়া বিলে পশুখাদ্য, ওষুধ ও বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়। আরও বলা হয়, চুরির সঙ্গে মুখ্যমন্ত্রী, ব্যবসায়ী, রাজনীতিক এবং অপরাধীদের একটা চক্র জড়িত।
১৯৯৬ সালে পশ্চিম সিংভূম জেলার ডেপুটি কমিশনার অমিত খারে চাইবাসা পশু বিভাগে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা তছরুপের সন্ধান পান। লালুপ্রসাদ তখন মুখ্যমন্ত্রী। তিনি তদন্তের নির্দেশ দেন। কিন্তু তদন্তকারীদের সদিচ্ছা ও চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, সন্দেহের তির ছিল তাঁদের দিকে। অবশেষে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিবিআইয়ের তৎকালীন পূর্বাঞ্চলীয় পরিচালক উপেন বিশ্বাস নানা বাধা পেরিয়ে লালুকে তদন্তের আওতায় আনেন। এই উপেন বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। গতকাল লালুসহ অন্যরা যে মামলায় দোষী সাব্যস্ত হলেন—সেটি ৯৫০ কোটি টাকার মূল মামলার অংশ মাত্র।
সুপ্রিম কোর্টের রায়ের ফলে লালু ও জগদীশ শর্মা লোকসভার সদস্যপদ হারাবেন। লালু কবে জামিন পাবেন, তা এখনো অজানা। উচ্চ আদালতে অবশ্যই তিনি আপিল করবেন। লালুর ছেলে তেজস্বী বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। এর বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।