লালুপ্রসাদ যাদবের পাঁচ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব
ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। সাজা হওয়ায় লোকসভার সদস্যপদ হারাচ্ছেন তিনি। এ ছাড়া, আগামী ছয় বছর কোনো নির্বাচনেও অংশ নিতে পারবেন না তিনি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গত সোমবার ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত লালুসহ ৪৫ জনকে দোষী সাব্যস্ত করেন। আজ বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হলো। নিরাপত্তার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা ঘোষণা করেন আদালত।
কারাদণ্ডের পাশাপাশি লালুপ্রসাদ যাদবকে ২৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।
বিহারের সাবেক কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে চার বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের রায়ের ফলে লালু ও জগদীশ শর্মা লোকসভার সদস্যপদ হারাবেন। উচ্চ আদালতে আপিল করবেন লালু।
পশুখাদ্য কেলেঙ্কারির মামলাটি ১৭ বছরের পুরোনো হলেও তদন্ত শুরু হয় ২৮ বছর আগে। ১৯৮৫ সালে তত্কালীন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল টি এন চতুর্বেদী লক্ষ করেন, বিহার ট্রেজারি ও কিছু সরকারি বিভাগ মাসিক হিসাব দাখিলে দেরি করছে। তিনি তত্কালীন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর সিংকে চিঠি লিখে স্বল্পসময়ের জন্য তহবিল তছরুপের বিষয়ে সজাগ করেন। নজরদারির মাধ্যমে জানা যায়, রাজ্যে আর্থিক দুর্নীতির সঙ্গে বিভিন্ন মহলের একটা নিবিড় যোগসাজশ রয়েছে। ১৯৯২ সালে রাজ্যের দুর্নীতি দমন ভিজিল্যান্স বিভাগের পরিদর্শক বিভূতিভূষণ দ্বিবেদী পশুপালন মন্ত্রণালয়ের দুর্নীতি-সম্পর্কিত এক প্রতিবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভিজিল্যান্স বিভাগের বড়কর্তার যোগসাজশের কথা উল্লেখ করেন। সেই প্রতিবেদনে ভুয়া বিলে পশুখাদ্য, ওষুধ ও বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়। আরও বলা হয়, চুরির সঙ্গে মুখ্যমন্ত্রী, ব্যবসায়ী, রাজনীতিক এবং অপরাধীদের একটা চক্র জড়িত।

১৯৯৬ সালে পশ্চিম সিংভূম জেলার ডেপুটি কমিশনার অমিত খারে চাইবাসা পশু বিভাগে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা তছরুপের সন্ধান পান। লালুপ্রসাদ তখন মুখ্যমন্ত্রী। তিনি তদন্তের নির্দেশ দেন। কিন্তু তদন্তকারীদের সদিচ্ছা ও চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, সন্দেহের তির ছিল তাঁদের দিকে। অবশেষে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিবিআইয়ের তত্কালীন পূর্বাঞ্চলীয় পরিচালক উপেন বিশ্বাস নানা বাধা পেরিয়ে লালুকে তদন্তের আওতায় আনেন। এই উপেন বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী।