ভারতের আসাম রাজ্যে উগ্রপন্থীদের হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন বা দাহ করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষুব্ধ স্বজনেরা। তাঁরা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তাঁদের এলাকায় গিয়ে নিরাপত্তার আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন না।
গত বৃহস্পতি ও শুক্রবার আসামের কোকড়াঝাড় ও বক্সা জেলায় দফায় দফায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বড়োল্যান্ডের (এনডিএফবি) একটি গ্রুপের অস্ত্রধারীরা। দুই দিনের ওই হামলায় অন্তত ৩২ জন নিহত হন। হামলাকারীরা শতাধিক বাড়িঘর জ্বালিয়ে দেয়।
বক্সা জেলার নানকিখাদরাবাড়ি এলাকায় গতকাল বিক্ষোভ করে এলাকাবাসী। তারা অভিযোগ করে, হামলার শিকার এলাকার মানুষজনের নিরাপত্তায় জেলা প্রশাসন কোনো পদক্ষেপ তো নিচ্ছেই না বরং এই বলে হুমকি দিচ্ছে, নিহতদের লাশ দাফন না করলে তাদের গ্রেপ্তার করা হবে।
একজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের জীবনের কি কোনো মূল্যই নেই? আমারা শুধু এটুকু নিশ্চয়তা চাই, ভবিষ্যতে আমাদের ওপর আর এ ধরনের হামলা চালানো হবে না এবং হত্যা করা হবে না।’
অল বেঙ্গল মুসলিম স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট লাফিকুল ইসলাম আসামের রাজধানী গুয়াহাটি থেকে ২১০ কিলোমিটার পশ্চিমের নারায়ণগুরি গ্রাম থেকে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখন খোলা আকাশের নিচে ১৮টি লাশ নিয়ে বসে আছি। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজে এসে আমাদের নিরাপত্তার আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা লাশ দাফন করব না এবং সে পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাব।’
সহিংসতার পর থেকে মুখ্যমন্ত্রী ওই এলাকায় না গেলেও তিনি বলেছেন, ‘আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবারের ওই হামলার পর হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কোকড়াঝাড় ও বক্সা এবং এর পাশের চিরাং জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে চিরাংয়ে গতকাল সকাল থেকে কারফিউ শিথিল করা হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, ভারতের চলমান লোকসভা নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট না দেওয়ায় বড়োল্যান্ডের বিচ্ছিন্নতাবাদীরা মূলত মুসলিমদের ওপর এই হামলা চালিয়েছে। তবে এ বক্তব্য সঠিক কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।
আসামে তিনদফা লোকসভা নির্বাচনের শেষ দফা অনুষ্ঠিত হয়েছে গত ২৪ এপ্রিল। এএফপি, পিটিআই, এনডিটিভি।