লাহোরে আদালতের বাইরে পাথর মেরে নারীকে হত্যা
পাকিস্তানের লাহোর হাইকোর্টের বাইরে গতকাল মঙ্গলবার এক নারীকে পাথর মেরে হত্যা করা হয়েছে৷ সম্পর্ক করে এক যুবককে বিয়ে করায় ‘সম্মান রক্ষার নামে’ পরিবারের লোকজন তাঁকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ৷ খবর ডনের৷
পুলিশ কর্মকর্তা ওপর চিমা জানান, নিহত নারীর নাম ফারজানা ইকবাল৷ তিনি আদালত খোলার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে ছিলেন৷ এ সময় ১০-১২ জন মানুষ তাঁর ওপর হামলায় চালায়৷ হামলাকারীদের মধ্যে তাঁর বাবা, দুই ভাই ও আগের স্বামীও ছিলেন৷ চিমা আরও জানান, ফারজানা মাথায় গুরুতর আঘাত পান৷ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়৷
পুলিশ কর্মকর্তা চিমা জানান, দূরসম্পর্কের এক ভাইয়ের সঙ্গে ফারজানার সম্পর্ক ছিল৷ কিন্তু পরিবার তাঁকে অন্য ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়৷ পরে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলে তাঁকে অপহরণের অভিযোগে তাঁর নতুন স্বামীর বিরুদ্ধে মামলা করে তাঁর পরিবার৷ এ অবস্থায় ফারজানা আদালতে এসেছিলেন এ কথা জানাতে যে তাঁকে অপহরণ করা হয়নি৷ তিনি স্বেচ্ছায় ওই ব্যক্তিকে বিয়ে করেছেন৷ তখনই হামলা করে তাঁকে হত্যা করা হয়৷