পাকিস্তানের লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পারিবারিক বাড়ির কাছের একটি এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের আস্তানা খুঁজে পেয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে হত্যা ও আরেকজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। পুলিশের এক সদস্যও নিহত হয়েছেন। খবর এএফপির।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মালিক ওয়াইস বলেন, পুলিশের একটি দল বুধবার স্থানীয় সময় রাত দু্টার সময় সন্দেহভাজন জঙ্গিদের ধরতে রাইউইন্ড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় জঙ্গিরা পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এর পর দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় একজন সন্ত্রাসীকে হত্যা এবং আরেকজনকে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। সংঘর্ষকালে পুলিশের এক সদস্য নিহত হন। আহত হন আরও তিনজন।
প্রধানমন্ত্রী নওয়াজের বিখ্যাত পারিবারিক বাড়ি ‘রাইউইন্ড প্যালেস’-এর নামানুসারেই ওই এলাকা রাইউইন্ড নামে পরিচিত। ওই পরিবারেরই আরেক সদস্য শাহবাজ শরিফ বর্তমানে দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। লাহোর পাঞ্জাব প্রদেশের রাজধানী।
জঙ্গিরা কোন গ্রুপের সদস্য তা তাৎক্ষণিভাবে জানায়নি পুলিশ। তবে পাকিস্তানে সম্প্রতি তালেবান জঙ্গিদের হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। দেশটির বিশৃঙ্খলাপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে এক মাসের বেশি সময় ধরে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। সেনা অভিযানের জবাবে জঙ্গিরা প্রতিশোধ–মূলক হামলা চালাতে পারে, এমন আশঙ্কা বেশ আগে থেকে করা হচ্ছে।