লাহোর-করাচি পথে বিলাসবহুল ট্রেন
পাকিস্তানের দুটি বৃহত্তম শহর লাহোর ও করাচির মধ্যে ‘বিজনেস এক্সপ্রেস’ নামে প্রথম শ্রেণীর একটি বিলাসবহুল ও দ্রুতগামী ট্রেন চালু হয়েছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি লাহোরে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করেন। এটি পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল ট্রেন।লাহোর ও করাচির মধ্যে এক হাজার ২০০ কিলোমিটার দূরত্বের পথ অতিক্রম করতে নতুন এই ট্রেনটির সময় লাগবে ১৮ ঘণ্টা। এর আগে একটি সাধারণ ট্রেনের এ ক্ষেত্রে সময় লাগত ৩০ ঘণ্টারও বেশি। ট্রেনটিতে একবার ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হবে পাঁচ হাজার রুপি (৫৫ ডলার)। ট্রেনটিতে যাত্রীদের জন্য রয়েছে ফ্ল্যাট স্ক্রিনের টিভিতে সিনেমা দেখার সুযোগ ও ল্যাপটপে চার্জ দেওয়ার ব্যবস্থা। যাত্রীসেবা ও ফরমায়েশ পালনে রয়েছে একদল খেদমতকারী। বিকেলে চা ও দুপুরের খাবারসহ ট্রেনের ক্যাবিনে রয়েছে পাঁচ তারকা হোটেলের সুবিধা। এ ছাড়া ট্রেনটিতে যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। এএফপি।