লাহোরে গাড়িবোমা হামলায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে গতকাল সোমবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার কার্যালয় (এফআইএ) ও পুলিশের বিশেষ তদন্ত শাখার ভবনে গাড়িবোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।লাহোরের পুলিশ কমিশনার বলেন, হামলায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, হামলার লক্ষ্য ছিল পুলিশের বিশেষ তদন্ত সংস্থার কার্যালয়, এফআইএ ভবন নয়। বিভাগীয় কমিশনার খসরু পারভেজ জানান, হামলায় আহত হয়েছে ৬১ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।উড়ন্ত কাচের আঘাতে আহত হয়েছে অনেক পথচারী। নিহতদের মধ্যে আটজন নারী।পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক তারিক আজিম জানান, বিস্ফোরক-বোঝাই একটি গাড়ি তদন্ত সংস্থার ভবনে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা বলেন, এফআইএ ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকা পড়ে আছেন। বিস্ফোরণের সময় এফআইএ ভবনে ৭০ জনের মতো অবস্থান করছিলেন।লাহোরের পুলিশপ্রধান পারভেজ রাঠোর বলেন, পুলিশের বিশেষ তদন্ত ইউনিটকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তিনি জানান, সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবন ব্যবহার করা হতো।পুলিশ জানায়, হামলায় প্রায় ৬০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় চার থেকে ছয় মিটার প্রশস্ত ও তিন মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে।আহতদের চিকিত্সায় রক্ত দেওয়ার জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। রক্ত দান করার জন্য লাহোরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিত্সকেরা। গোটা শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ডন ও এএফপি।