লাহোরে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বন্দুকধারীরা গতকাল বৃহস্পতিবার পুলিশ ও কারাকর্মীসহ নয় নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। ইসলামাবাদ ন্যাটোর রসদ সরবরাহের পথ পুনরায় খুলে দেওয়ার পর লাহোরে নিরাপত্তা বাহিনীর ওপর এটা দ্বিতীয় হামলার ঘটনা।পুলিশ জানায়, গতকাল ভোরে লাহোরের একটি আবাসিক এলাকায় ওই হামলা চালানো হয়। অন্তত ১০ জন বন্দুকধারী ওই হামলায় অংশ নেয়। হামলায় হতাহত ব্যক্তিরা ঘটনাস্থলে একটি প্রশিক্ষণের জন্য অবস্থান করছিলেন। গতকালের হামলার সঙ্গে গত সোমবার একটি সেনাশিবিরে পরিচালিত হামলার মিল রয়েছে।লাহোরে এই হত্যাকাণ্ডের ঘটনার পর পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ জঙ্গিরা এসব হামলার পেছনে দায়ী বলে মনে করা হয়।পাঞ্জাব পুলিশের প্রধান হাবিবুর রেহমান বলেন, হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ও একটি মোটরগাড়িতে করে আসে। তাদের কাছে কালাশনিকভ রাইফেল ও হাতবোমা ছিল। হামলাকারীরা লাহোরের জনবসতিপূর্ণ ইকরা এলাকার ওই ভবনটিতে খুব সকালে ঢুকে পড়ে। এ সময় সেখানে ৩৫ জনের মতো পুলিশ ও কারাকর্মী ঘুমন্ত অবস্থায় ছিলেন। তিনি জানান, এ পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখানো হয়, উদ্ধারকর্মীরা সাদা কাপড় দিয়ে লাশগুলো মুড়িয়ে ফেলছেন এবং বেঁচে যাওয়া ব্যক্তিরা তাঁদের সহকর্মীদের মৃত্যুতে ফুঁপিয়ে কাঁদছেন। দ্বিতল ভবনটির বাইরে গুলির পরিত্যক্ত বাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।লাহোর শহর পুলিশের প্রধান আসলাম তারিন জানান, হামলার ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে গত সোমবার পাঞ্জাবের গুজরাট জেলার একটি সেনাশিবিরে যে গোষ্ঠী হামলা চালিয়ে সাতজন নিরাপত্তাকর্মীকে হত্যা করেছিল, সে রকম একটি গোষ্ঠী এ হামলার জন্য দায়ী বলে পুলিশ দাবি করেছে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সোমবারের হামলার সঙ্গে জড়িত বন্দুকধারীরা তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মী বলে তাঁরা মনে করছেন। এএফপি।