লাহোরে লাখপাট কারাগারের তিন কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংয়ের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের কোট লাখপাট কারাগারের (কেন্দ্রীয় কারাগার) তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গত শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের দায়িত্বে অবহেলার কারণেই সর্বজিতের ওপর হামলা চালানো হয় বলে পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রসচিব জানান।সাময়িক বরখাস্ত হওয়া তিন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা হলেন কোট লাখপাট কারা তত্ত্বাবধায়ক মহসিন রফিক, অতিরিক্ত কারা তত্ত্বাবধায়ক ইশতিয়াক গিল, উপ কারা তত্ত্বাবধায়ক গুলাম সারওয়ার। তাঁদের স্থলাভিষিক্ত হচ্ছেন কামরান অনজুম, রাজা মাহমুদ জামান ও নূর হাসান।লাহোরের কেন্দ্রীয় কারাগারে গত ২৬ এপ্রিল ভারতীয় নাগরিক সর্বজিতের (৪৯) ওপর হামলা হয়। হাসপাতালে প্রায় এক সপ্তাহ কোমায় থাকার পর গত বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। ওই হামলার জন্য মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে অভিযুক্ত করা হয়েছে। ভারতীয় নাগরিক সর্বজিতের বিরুদ্ধে ১৯৯০ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কয়েকটি বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন পাকিস্তানের আদালত। ওই হামলায় ১৪ জন মারা যান।সর্বজিতের মৃত্যুর পর ভারতের জম্মু শহরের একটি কারাগারে পাকিস্তানি এক বন্দীর ওপর হামলা চালানো হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল শনিবার পাকিস্তানের গণমাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তবে ভারতের কোনো গণমাধ্যমে তা উল্লেখ করা হয়নি। পিটিআই, ডন অনলাইন।