লাহোরে সরবজিতের মৃত্যু পাকিস্তান-ভারত উত্তেজনা
পাকিস্তানের একটি কারাগারে ভারতের নাগরিক সরবজিৎ সিং হত্যার ঘটনাকে কেন্দ্র করে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সরবজিৎকে ‘ভারতের সাহসী সন্তান’ উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ১৯৯০ সালে পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে বোমা হামলার দায়ে পাকিস্তানে গ্রেপ্তার হন সরবজিৎ। ১৯৯১ সালে পাকিস্তানের একটি আদালত তাঁকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। লাহোরের কোট লাখপাট কারাগারে গত শুক্রবার বন্দীদের হামলায় ইটের আঘাতে গুরুতর আহত হন সরবজিৎ। প্রায় পাঁচ দিন পর গত বুধবার তাঁকে জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার দিবাগত রাত দুইটায় তিনি মারা যান। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। সরবজিতের (৪৯) মরদেহ ভারতে পাঠানো হচ্ছে। হাসপাতালের একজন চিকিৎসক বার্তা সংস্থা পিটিআইকে জানান, হূদেরাগে আক্রান্ত হয়ে সরবজিৎ মারা গেছেন। সরবজিতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মাহমুদ শওকাত বলেন, রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে জানান, সরবজিৎ আর নেই।সরবজিতের বোন ডালবির কাউর অভিযোগ করেন, তাঁর ভাইকে পাকিস্তান ‘খুন’ করেছে। তিনি পাকিস্তানের কারাগারে থাকা অন্য সব ভারতীয় নাগরিককে মুক্ত করতে লড়াই চালিয়ে যাবেন।সরবজিতের ওপর হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, সরবজিতের পরিবার, ভারত সরকার এবং এই দুই দেশের সুশীল সমাজের আহ্বান সত্ত্বেও পাকিস্তান সরকার তাঁর বিষয়টি মানবিকভাবে বিবেচনা করেনি—এটি সত্যিই দুঃখজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।সরবজিৎ আহত হওয়ার পর তাঁর মুক্তির জন্য পাকিস্তানের কাছে আবেদন জানিয়েছিল ভারত। ভারত সরকারের আশঙ্কা ছিল, তিনি যথাযথ চিকিৎসা পাবেন না। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, সরবজিৎকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।সরবজিতের মরদেহ ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।দুই বন্দী বিশেষ হেফাজতে: সরবজিতের ওপর হামলার ঘটনায় দুই বন্দীকে বিশেষ হেফাজতে নেওয়া হয়েছে। লাহোরের কোট লাখপাট থানার কর্মকর্তা তারিক মেহমুদ জানান, এ ঘটনায় হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনার পরপরই সন্দেহভাজন দুই বন্দী আমির ও মুদাসিরকে বিশেষ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার কারণ স্পষ্টভাবে জানা যায়নি। বিবিস, হিন্দুস্তান টাইমস।