লি কেকিয়াং চীনের নতুন প্রধানমন্ত্রী
চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কেকিয়াংয়ের নাম ঘোষণা করেছে দেশটির পার্লামেন্ট। গতকাল শুক্রবার রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে অনুষ্ঠিত ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রায় তিন হাজার আইনপ্রণেতার ভোট পেয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।চীনা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সর্বোচ্চ নেতা লি কেকিয়াং বর্তমান প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন। আগামী পাঁচ বছর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।আজ শনিবার চীনের উপ প্রধানমন্ত্রী ও স্টেট কাউন্সিলরদের নাম ঘোষণা করবে পার্লামেন্ট। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশ চীনের এক দশকের ক্ষমতার পালাবদল হবে।প্রধানমন্ত্রী হিসেবে কেকিয়াং চীনের অভ্যন্তরীণবিষয়ক দপ্তরের তত্ত্বাবধান করবেন। এ ছাড়া অর্থনৈতিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, পরিবেশ বিপর্যয় ও নগরায়ণের মতো বিষয়গুলো তদারক করবেন তিনি।লি কেকিয়াং (৫৭) অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন। তিনি অর্থনীতির ওপর উচ্চতর ডিগ্রিও নিয়েছেন। তাঁকে চীনের বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবওয়ের কাছের মানুষ হিসেবেই দেখা হয়ে থাকে।চীনের অগ্রগতিকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার জন্য লি কেকিয়াং দক্ষতার সঙ্গে সরকার পরিচালনার আহ্বান জানিয়েছেন। তিনি মন্ত্রিসভার আকার ছোট করার কথাও বলেছেন। আবার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পরিধি বাড়ানোর কথা বলেছেন।লি কেকিয়াংয়ের জন্ম চীনের আনহুই প্রদেশের একজন প্রাদেশিক কর্মকর্তার ঘরে। পরে তিনি হেনান প্রদেশের গভর্নর হন। তাঁর শাসনের সময় হেনানে দূষিত রক্তের মাধ্যমে মানুষের মধ্যে এইচআইভি ছড়িয়ে পড়লে কেলেঙ্কারির সৃষ্টি হয়।ধারণা করা হচ্ছে, কাল রোববার লি কেকিয়াং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন। বিবিসি।