লিবিয়ায় কারাগার থেকে সহস্রাধিক বন্দী পালিয়েছে
লিবিয়ার বেনগাজি শহরের একটি কারাগার থেকে গতকাল শনিবার প্রায় এক হাজার ২০০ কয়েদি পালিয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিক্ষুব্ধ জনতা আল-কোয়াফিয়া কারাগারে হামলা চালায়। এরপর কারাগারের ভেতরে কয়েদিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই সুযোগে কারাগার থেকে কয়েদিরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জিদান এক সংবাদ সম্মেলনে জানান, বেনগাজি শহরের বাসিন্দারা চায় না তাদের এলাকায় ওই কারাগারটি থাকুক। তাই তারা সেখানে হামলা চালিয়েছে। পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে সীমান্ত তল্লাশি চৌকিগুলোকে সতর্ক করা হয়েছে। তাদের কাছে পালিয়ে যাওয়া কয়েদিদের নামের তালিকা পাঠানো হয়েছে।
তবে কত সংখ্যক কয়েদি পালিয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি প্রধানমন্ত্রী।
পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্য থেকে কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।