লিবিয়ায় পাঁচ কোটি ৪০ লাখ ডলার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় পাঁচ কোটি ৪০ লাখ ডলার লুট
লিবিয়ায় পাঁচ কোটি ৪০ লাখ ডলার লুট

লিবিয়ার সির্ত শহরে গত সোমবার অজ্ঞাতনামা বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে প্রায় পাঁচ কোটি ৪০ লাখ ডলারের সমমূল্যের অর্থ লুট করেছে। দেশি ও বিদেশি মুদ্রায় ওই অর্থ একটি গাড়িতে করে কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লানা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, বিমানবন্দর থেকে সির্ত শহরে ঢোকার মুখে ১০ জন বন্দুকধারীর একটি দল টাকা বহনকারী ভ্যানের গতিরোধ করে। পরে সব টাকা লুট করে নিয়ে যায়।
২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে লিবিয়ায় অরাজকতা চলছে। সশস্ত্র মিলিশিয়া বাহিনী, অপরাধী চক্র ও কট্টরপন্থী ইসলামি জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে সরকার।
সোমবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ডাকাতদের অতর্কিত হামলার মুখে নিরাপত্তাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হন। লুট হওয়া অর্থের মধ্যে ছিল পাঁচ কোটি ৩০ লাখ লিবীয় দিনার এবং এক কোটি ২০ লাখ মার্কিন ডলার ও ইউরো।
স্থানীয় এক কর্মকর্তা জানান, গত জুলাইয়ে সির্ত শহরের দুটি ব্যাংক থেকে অন্তত পাঁচ লাখ দিনার লুট হয়। সির্ত নগর পরিষদের প্রধান আবদেল-ফাত্তাহ মোহাম্মদ বলেন, সারা দেশেই ভয়াবহ হারে ডাকাতি বেড়েছে। লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফিবিরোধী লড়াই চলাকালে সির্ত ছিল তাঁর সমর্থকদের শেষ শক্ত ঘাঁটি। গাদ্দাফিকে হত্যার পর থেকে শহরটিতে প্রায়ই সংঘাত বাধে। বিবিসি।