লিবিয়ার দুটি মন্ত্রণালয় ছেড়ে চলে গেছে বন্দুকধারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া সরকারের সঙ্গে সমঝোতা চুক্তির পর প্রায় দুই সপ্তাহ ধরে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় অবরোধ করে রাখা সশস্ত্র বিদ্রোহীরা চলে গেছে। গত শনিবার রাতে লিবিয়ার আইনমন্ত্রী সালাহ আল মারঘানি এ কথা জানিয়েছেন।

নতুন সরকারের প্রশাসনে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের নিষিদ্ধ করে আইন প্রণয়নের দাবিতে গত মাসের শেষ দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় অবরোধ করে গাদ্দাফি উৎখাতের লড়াইয়ে অংশ নেওয়া বিদ্রোহীরা। দাবির মুখে রাজনৈতিক পদে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের নিষিদ্ধ করে গত সপ্তাহে একটি আইন পাস করে পার্লামেন্ট। এ আইনের কারণে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা তাঁদের পদ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আইনমন্ত্রী মারঘানি জানান, তাঁর মন্ত্রণালয় আবার বিচার বিভাগীয় পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে। শনিবার মন্ত্রণালয়ের কর্মীরা দুই ঘণ্টা কাজ করেছেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এ ধরনের ঘটনা আর ঘটবে না। কারণ এ ঘটনা থেকে শিক্ষা হয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে হয় না।’ আইনমন্ত্রী জানান, অবস্থানকারীরা সরকার ও জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) প্রতিনিধি নিয়ে গঠিত একটি কমিটির কাছে মন্ত্রণালয় দুটি হস্তান্তর করে চলে গেছে।

গাদ্দাফির পতন ও মৃত্যুর পর থেকে ত্রিপোলি, বেনগাজিসহ লিবিয়ার বিভিন্ন শহরে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। এএফপি।