লিবিয়া ছেড়ে পালিয়েছে এক লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী সহিংসতায় টালমাটাল লিবিয়া থেকে জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ পালিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, গতকাল রোববার লিবিয়া থেকে এ পর্যন্ত এক লাখ মানুষ তিউনিসিয়া ও মিসরে পালিয়ে গেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত শনিবার এক দিনেই লিবিয়া থেকে ১০ হাজার মানুষ তিউনিসিয়ায় পালিয়ে গেছে। সংস্থাটি একে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছে। এদিকে বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের লিবিয়া থেকে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে। গতকাল রোববার ইতালির একটি যুদ্ধজাহাজে করে ২৫৮ জন বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়। আগের দিন ব্রিটিশ দুটি সামরিক বিমান বেনগাজিতে আটকে পড়া দেড় শ বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিয়েছে। ইউএনএইচসিআরের কর্মকর্তা অ্যান্টনিও গাটারস জানান, সহিংসতার কারণে লিবিয়ার এক লাখ নাগরিক দেশ ছেড়েছে। তাদের মধ্যে মোটামুটি অর্ধেক মিসরে ও অর্ধেক তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছে। অ্যান্টনিও বলেন, ‘আমরা এ পরিস্থিতিতে মানবিক সহায়তার জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’লিবিয়ার সীমান্তবর্তী তিউনিসিয়ার শহর বেন গুয়েরর্ডানে রেড ক্রিসেন্ট সোসাইটির আঞ্চলিক প্রধান মনজি স্লিম বলেন, ‘রাস জেডির সীমান্ত দিয়ে শনিবার ১০ হাজারেরও বেশি মানুষ তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছে। রোববারও হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়া প্রবেশ করছে।’ তিনি জানান, গত কয়েক সপ্তাহে এই সীমান্ত দিয়ে ৪০ হাজারেরও বেশি মানুষ তিউনিসিয়ায় আশ্রয় নেয়। এর মধ্যে অবশ্য মিসর থেকে এসেছে ১৫ হাজারেরও বেশি মানুষ।মনজি স্লিম বলেন, ‘এটা আসলে মানবিক বিপর্যয়। অনেক বেশি মানুষ এখানে চলে এসেছে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নিতে আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’লিবিয়া থেকে বিভিন্ন দেশের ২৫৮ জন নাগরিককে নিয়ে ইতালির যুদ্ধজাহাজ সান জিওর্জিও গতকাল মিসুরাতা বন্দর থেকে সিসিলি পৌঁছায়। তাদের মধ্যে ইতালির ১২১ জন নাগরিক রয়েছে। অন্যরা আলবেনিয়া, আলজেরিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রিটেন, ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। বিদেশি এই নাগরিকেরা লিবিয়ায় বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করতেন। সান জিওর্জিও জাহাজে লিবিয়া ছেড়ে আসা ভারতীয় নাগরিক মবিন কুরেশি জানান, তিনি লিবিয়ায় একটি কারখানায় কাজ করতেন। মবিন বলেন, ‘সেখানে ভারতীয়দের বিশেষ করে যাঁরা শ্রমিকদের জন্য তৈরি বিশেষ শিবিরে ছিলেন, তাঁদের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। শ্রমিকদের অনেক শিবির পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। খাদ্য ও পানির সংকটে পড়তে হচ্ছে।’ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় আটকা পড়া দেড় হাজার ইতালীয় নাগরিকের মধ্যে এ পর্যন্ত এক হাজার ৪০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিয়াম ফক্স জানান, ব্রিটিশ বিমানবাহিনীর দুটি বিমান বেনগাজির দক্ষিণাঞ্চলে আটকা পড়া দেড় শ বিদেশি নাগরিককে সরিয়ে নিয়েছে। পাইলটরা দারুণ সাহসিকতা দেখিয়ে বেনগাজির মরুভূমিতে আটকা পড়া দেড় শ জনকে নিয়ে মাল্টায় অবতরণ করে। এএফপি।