লিবিয়া যুদ্ধে আরও আরব দেশের অংশগ্রহণ চান হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জাতিসংঘ-সমর্থিত পশ্চিমা বাহিনীর সামরিক অভিযানে আরব দেশগুলোর আরও বেশি অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বুধবার এ কথা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষ লিবিয়ায় এই সামরিক অভিযান সমর্থন করে।যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে লিবিয়ায় অভিযান গতকাল বৃহস্পতিবার নিয়ে মোট সাত দিন চলছে। আরব দেশগুলোর মধ্যে এখনো পর্যন্ত শুধু কাতারই অভিযানে অংশ নেওয়ার জন্য কয়েকটি যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে।পশ্চিমা বাহিনী আরব দেশগুলো থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘আরব দেশগুলোর অংশগ্রহণে আমরা খুবই খুশি। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে আরও ঘোষণা আসবে।’এর আগে মার্কিন প্রশাসন জানিয়েছে, লিবিয়ায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরব দেশগুলোর রাজনৈতিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত ১৯৭৩ নম্বর প্রস্তাবে সমর্থন দিয়েছে ২২টি আরব দেশের সংস্থা আরব লিগ। তবে অভিযান শুরুর এক দিন পরই আরব লিগের মহাসচিব আমর মুসা লিবিয়ায় নির্বিচার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করে বলেন, জাতিসংঘের প্রস্তাবের যে ক্ষমতা দেওয়া হয়েছে, পশ্চিমা বাহিনী তার বাইরে কাজ করছে। অবশ্য এর পরদিনই জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকের পর মুসা জানান, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে আরব লিগ পশ্চিমাদের সহযোগিতা করে যাবে।অভিযানে আরব দেশগুলোর সমর্থনের বিষয়ে গত মঙ্গলবার মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এ ধরনের একটি জটিল সিদ্ধান্ত নিতে স্বাভাবিকভাবেই সময় লাগে। তবে আমরা আশা করছি, খুব শিগগির অনেক আরব দেশ আমাদের সঙ্গে যোগ দেবে।’কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধে যোগ দেওয়ার জন্য বিমান পাঠাচ্ছে। কিন্তু পরে দেশটি জানিয়েছে, তাদের অংশগ্রহণ শুধু মানবিক সাহায্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।আগামীকাল শনিবার প্যারিসে একটি সম্মেলনে যোগ দিচ্ছেন আরব দেশগুলোর নেতারা। পশ্চিমারা আশা করছে, তখন হয়তো অনেক দেশ যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দিতে পারে।এদিকে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স/ইপসসের এক জরিপের ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক লিবিয়ায় মার্কিন ও তাদের মিত্রদের সামরিক অভিযানকে সমর্থন করছে। লিবিয়ায় অভিযান শুরু হওয়ার তিন দিন পর এই জরিপ চালানো হয়।জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৯ শতাংশ মনে করে, পশ্চিমা বাহিনীর উচিত, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা।প্রসঙ্গত, ১৯৬৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা গাদ্দাফি। তাঁর প্রায় ৪২ বছরের শাসনের অবসানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহীরা বেনগাজি ও ত্রিপোলির পশ্চিমের শহর জাবিয়াহসহ বেশ কিছু এলাকা দখল করে নেয়। সূত্র: এএফপি, বিবিসি, রয়টার্স।