লিবিয়াতেই বিচারের সম্মুখীন হতে চান সাইফ
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নয়, নিজের দেশ লিবিয়াতেই বিচারের সম্মুখীন হতে চান দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম। ত্রিপোলিতে এক বন্দিশিবিরে গতকাল বৃহস্পতিবার আইসিসির তদন্তকারী কর্মকর্তারা সাইফের সঙ্গে দেখা করেন। সাইফ তাঁদের বলেন, তিনি চান নিজ দেশেই তাঁর বিচার হোক। এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হলেও নিজ দেশ লিবিয়াতেই বিচারের সম্মুখীন হতে চান সাইফ।তবে দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আইনজীবীদের সন্তুষ্ট করতেই সাইফ এ রকম কথা বলেছেন। ওই বৈঠকে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে দুজন আইনজীবীও ছিলেন। আইসিসির দুজন বিচারক লিবিয়া সফর করেছেন। তাঁদের অভিযোগ, সাইফকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর না করে লিবিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন করেছে। মানবতাবিরোধী অপরাধের জন্য আইসিসি সাইফের বিচার করতে চায়। আইসিসি আরও অভিযোগ করেছে, গত নভেম্বর মাসে ধরা পড়ার পর থেকে সাইফের ওপর নির্যাতন চলছে। জি নিউজ।