লিবিয়ার ইউরেনিয়াম নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক উপমহাপরিচালক ওলি হিনোনেন বলেছেন, লিবিয়ার ত্রিপোলির কাছে তাজোরা গবেষণাকেন্দ্রে ইউরেনিয়াম ও অন্যান্য উপকরণের মজুদ রয়েছে। এসব উপকরণ পরমাণু বোমা তৈরিতে ব্যবহূত হতে পারে। লিবিয়ার বিদ্রোহীদের উচিত, এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ওলি ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত আইএইএর পরমাণু নিরাপত্তা পর্যবেক্ষণ বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয়ে আছেন। তিনি বলেন, গাদ্দাফি পরমাণু অস্ত্র কর্মসূচি পরিহার করার ঘোষণা দেওয়ার পরও লিবিয়ার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত ছিল।মুয়াম্মার গাদ্দাফি একসময় পরমাণু, রাসায়নিক ও জীবাণু অস্ত্র বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক মেরামতের জন্য ২০০৩ সালে সেই চেষ্টা বাদ দেন তিনি। এতে লিবিয়ার সঙ্গে পশ্চিমাদের শীতল সম্পর্কের কিছুটা অবসান হয়। একটি অনলাইন মন্তব্যে ওলি হিনোনেন বলেন, গাদ্দাফি পরমাণু কর্মসূচি ত্যাগের ঘোষণা দেওয়ার পর লিবিয়ার পরমাণু অস্ত্র-সংক্রান্ত তথ্য, নকশা থেকে শুরু করে স্পর্শকাতর উপকরণ ও দলিলপত্রও বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু সেখানকার পরমাণু নিয়ে উদ্বেগ এখনো শেষ হয়নি। তিন দশকব্যাপী পরমাণু গবেষণা চালানোর পরও তাজোরাকেন্দ্রে এখনো বিপুল পরিমাণ ওষুধ প্রস্তুত ও শিল্প ক্ষেত্রে ব্যবহূত তেজস্ক্রিয় (রেডিওআইসোটোপস), তেজস্ক্রিয় বর্জ্য, কম সমৃদ্ধ পরমাণু জ্বালানির মজুদ রয়েছে। ওলি হিনোনেন বলেন, ‘উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আর লিবিয়ায় নেই, এ জন্য আমরা ধন্যবাদ পেতে পারতাম। কিন্তু এখনো তাজোরায় ইউরেনিয়াম মজুদ আছে। তাজোরার বর্তমান পরিস্থিতি পরিষ্কার নয়। এটি যদি দুষ্ট লোকের হাতে যায়, তবে তা পরমাণু বোমার উপকরণ হিসেবে ব্যবহূত হতে পারে। রয়টার্স।