সরকারবিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে চাপে ফেলতে দেশটির ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘোষণা দেন। গাদ্দাফি, তাঁর পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করাসংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ওবামা। লিবিয়ায় মার্কিন দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গাদ্দাফি, তাঁর পরিবার ও সমর্থকদের ওপর নিষেধাজ্ঞার কথা বিবেচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা গতকাল শনিবার নিউইয়র্কে জরুরি বৈঠক করেছেন।ত্রিপোলিসহ লিবিয়ার বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সহিংসতায় আরও চারজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম দাবি করেছেন, শিগগিরই লিবিয়ার পরিস্থিতি শান্ত হবে। বিক্ষোভকারীদের দমনে প্রয়োজনে সমর্থকদের জন্য সব অস্ত্রভান্ডার খুলে দেওয়ার হুমকি দিয়েছেন গাদ্দাফি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাঁর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকলে পুরো লিবিয়া জ্বালিয়ে দেবেন। রাজধানী ত্রিপোলির গ্রিন স্কয়ারে গত শুক্রবার সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এই হুমকি দেন গাদ্দাফি।লিবিয়ার ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ওবামা এক বিবৃতিতে বলেন, এই অবরোধ গাদ্দাফি সরকারের বিরুদ্ধে। লিবিয়ার জনগণের সম্পদ রক্ষা করার জন্যই এই অবরোধ আরোপ করা হয়েছে। তিনি বলেন, লিবিয়ায় গাদ্দাফির শাসনের বৈধতা এখন আর নেই। গাদ্দাফি বিক্ষোভ দমনে যে আচরণ করছেন, তা আন্তর্জাতিক রীতিপরিপন্থী এবং এ জন্য তাঁকে অবশ্যই জবাবদিহি করতে হবে।মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, লিবিয়ার জনগণের অর্থ গাদ্দাফি সরকারের লুটপাটের হাত থেকে রক্ষা করতেই তাঁর সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এ জন্য গাদ্দাফি, তাঁর পরিবারের সদস্য, গাদ্দাফির ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের সদস্য ও লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ওবামা। লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে কর্মকর্তারা দেশে ফিরে গেছেন। এর আগে দেশটিতে আটকে পড়া মার্কিন নাগরিকদের লিবিয়া থেকে সরিয়ে নেওয়া হয়।গাদ্দাফি, তাঁর পরিবার ও সমর্থকদের ওপর নিষেধাজ্ঞার কথা বিবেচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা গতকাল শনিবার নিউইয়র্কে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। এই খসড়া প্রস্তাবে লিবিয়ার বিরুদ্ধে অস্ত্র কেনা এবং গাদ্দাফির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। খসড়ায় লিবিয়ায় সরকারি বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে সংশ্লিষ্ট সবার সম্পদ বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে গাদ্দাফিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করানোর একটি প্রস্তাবও রয়েছে।সমর্থকদের অস্ত্রভান্ডার খুলে দেবেন গাদ্দাফি: বিক্ষোভের কারণে চলতি সপ্তাহের মধ্যে চারবার জনগণের উদ্দেশে বক্তব্য দিলেন গাদ্দাফি। গ্রিন স্কয়ারে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘লিবিয়া অস্থিতিশীল করতে দেশের বাইরের চক্রান্তকারীদের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। গাদ্দাফি বলেন, যদি প্রয়োজন হয়, শত্রুদের মোকাবিলায় আমাদের পুরো অস্ত্রভান্ডার খুলে দেওয়া হবে।’এদিকে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে গতকাল নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গুলিতে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির রাষ্ট্রীয় বিদ্যুত্ কোম্পানির একজন কর্মী রয়েছেন।গাদ্দাফির শক্ত অবস্থান রয়েছে বলে পরিচিত জানজুওর শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পূর্বাঞ্চলীয় শহর ব্রেগার দখল নিয়েছে বিক্ষোভকারীরা। সেখানে সেনাসদস্যরাও গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকার তিনটি শহরে এখন গাদ্দাফির নিয়ন্ত্রণ নেই বলে জানা গেছে। ১৯৬৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতায় আসেন গাদ্দাফি। এএফপি, বিবিসি, রয়টার্স ও স্কাই নিউজ অনলাইন।