লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা গত শুক্রবার তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও ঘোষণা দিয়েছে, তাদের কাছে লিবিয়ার যে বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা রয়েছে, তা এখন ফিরিয়ে দেওয়া হবে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গতকাল শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি সফর করেছেন। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চলতি বছরের গোড়ার দিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দ্য সেন্ট্রাল ব্যাংক অব লিবিয়া এবং এর বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্য লিবিয়ান ফরেন ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে দেশটির চলতি চরম মুদ্রাসংকট মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা কোটি কোটি ডলার তুলে নেওয়ার পথ পরিষ্কার হলো। নিউইয়র্কে কূটনীতিকেরা জানান, গত ১৬ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার সময়সীমা পার হয়ে গেছে। নতুন কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে একমত হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, লিবিয়ায় ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের এ পদক্ষেপ আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি জানান, এখন যুক্তরাজ্যে জব্দ থাকা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে পারবে লিবিয়া। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ওই সিদ্ধান্তের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘লিবিয়ার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র লিবিয়া সরকারের ওপর আরোপিত অধিকাংশ মার্কিন নিষেধাজ্ঞাই তুলে নিচ্ছে।’ তবে বিবৃতিতে জানানো হয়েছে, গাদ্দাফির পরিবার বা তাঁর সরকারের কর্মকর্তাদের সম্পদ জব্দই রাখা হবে। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক দিনের মাথায় লিওন প্যানেট্টা গতকাল শনিবার লিবিয়া সফর করেন। পেন্টাগনের কোনো প্রধানের এটাই প্রথম লিবিয়া সফর। মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী এই সফরে প্যানেট্টা লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রী ওসামা জৌলি এবং প্রধানমন্ত্রী আবদেল রহিম আল-কিবের সঙ্গে বৈঠক করেন। সফরকালে প্যানেট্টা সাংবাদিকদের বলেন, লিবিয়ার বাস্তব পরিস্থিতি কাছ থেকে প্রত্যক্ষ করা এবং গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে জীবনদানকারী লিবীয়দের প্রতি শ্রদ্ধা জানানো এবং লিবিয়ার ভবিষ্যৎ সরকার গঠনের প্রচেষ্টায় সহায়তা করাই তাঁর এই সফরের উদ্দেশ্য। প্যানেট্টা বলেন, লিবিয়ার সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক বন্ধুর পথ। তবে লিবীয়রা যে সাহস দেখিয়েছে তাতে তিনি বিশ্বাস করেন, সেখানে একটি ঐক্যবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা সফল হবে। লিবীয়রা তাদের ভবিষ্যৎ বিনির্মাণের অধিকার পেয়েছে। তিনি আরও বলেন, ‘লিবীয়রা যে ধরনের সহযোগিতাই আমাদের দিতে বলুক, আমরা তা দিতে প্রস্তুত।’ ন্যাটো জোটভুক্ত দেশগুলোও একই ধরনের আগ্রহ প্রকাশ করেছে। প্রসংগত, লিবিয়ার অন্তর্বর্তী সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশটির কর্মীদের বেতন-ভাতা পরিশোধসহ দেশের মৌলিক কর্মকাণ্ড চালিয়ে নিতে বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা প্রায় ১৫০ বিলিয়ন ডলার মুক্ত করে দেওয়ার জন্য গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের লিবিয়া অবরোধ কমিটিকে চিঠি দিয়েছিলেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।