লিবিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ
গাদ্দাফি-পরবর্তী লিবিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন সরকার গঠনের লক্ষ্যে গতকাল বুধবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ এই নির্বাচনের মাধ্যমে ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির শাসনের অবসানের পর থেকে দেশটিতে সৃষ্ট নৈরাজ্যের অবসান হবে বলে আশা করা হচ্ছে৷ খবর বিবিসি ও এএফপির৷
নির্বাচনে এবার ১৫ লাখ নিবন্ধনকৃত ভোটার রয়েছে৷ এর আগে ২০১২ সালে দেশটিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ২৮ লাখ নিবন্ধনকৃত ভোটার ছিল৷ ২০০ আসনের পার্লামেন্ট নির্বাচনে এবার প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷
লিবিয়ার নতুন পার্লামেন্টের নাম হবে প্রতিনিধি পরিষদ৷ আগের পার্লামেন্টের নাম ছিল জেনারেল ন্যাশনাল কংগ্রেস। জাতিসংঘ লিবিয়ার এই নির্বাচনকে ‘গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ধাপ’ বলে উল্লেখ করেছে৷
একজন বিশ্বাসঘাতক জেনারেল দেশে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে—সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে দেশটির নির্বাচন কমিশন এক মাস আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়৷
অনেকেই আশঙ্কা করছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে আরেকটি অন্তর্বর্তী সরকার জন্ম নেবে৷ একটি নতুন জাতীয় সংবিধানের খসড়া প্রণয়নের জন্য গঠিত কমিটি এখনো তাদের কাজ শেষ করেনি৷ এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নতুন নির্বাচনের পর দেশটির রাজনৈতিক ব্যবস্থা কী হবে?