লিবিয়ার প্রধানমন্ত্রী অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী জাইদান
আলী জাইদান

লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জাইদানকে আজ বৃহস্পতিবার ভোরে রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে অপহরণ করেছে একদল বন্দুকধারী। তিনি ওই হোটেলটিতে থাকতেন।
লিবিয়া সরকারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া সংশ্লিষ্ট হোটেলটির নিরাপত্তা সদস্যদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইন একই তথ্য জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আবুধাবিভিত্তিক স্কাই নিউজ অ্যারাবিয়া জানিয়েছে, ত্রিপোলির যে হোটেলটিতে প্রধানমন্ত্রী থাকতেন, সেখান থেকে তাঁকে বন্ধুকধারীরা তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
সরকারি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান আলী জাইদানকে একটি সশস্ত্র গোষ্ঠী অজ্ঞাত কারণে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা সাবেক বিদ্রোহী হতে পারে।
কারা, কীভাবে, কেন প্রধানমন্ত্রীকে অপহরণ করেছে, সে সম্পর্কে প্রাথমিকভাবে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাও জানা যায়নি।
তবে হোটেলটির নিরাপত্তারক্ষীরা বলছেন, হোটেল থেকে একদল বন্দুকধারী প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে গেছে।

একজন নিরাপত্তারক্ষী এ ঘটনাকে ‘গ্রেপ্তার’ বলে বর্ণনা করেছেন।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে লিবিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যোগাযোগ করতে পারেনি।