লিবিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত
লিবিয়ায় ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্লামেন্ট এক ভোটে দেশটির প্রধানমন্ত্রী আলী জাইদানকে বরখাস্ত করেছে। দলটি প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ আল-থিন্নিকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে।
আল জাজিরার খবরে বলা হয়, লিবিয়ার পূর্বাঞ্চলে বিদ্রোহীরা তাদের ইচ্ছামতো তেল রপ্তানি করছে। এটি বন্ধ করতে না পারায় জাইদানকে বরখাস্ত করার পক্ষে ভোট দেন দেশটির আইনপ্রণেতারা।
আজ মঙ্গলবার লিবিয়ার যুদ্ধজাহাজকে ফাঁকি দিয়ে বিদ্রোহীরা তেলবাহী একটি ট্যাংকার দেশের বাইরে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরই পার্লামেন্টে ভোটে পদচ্যুত হন জাইদান।
এ প্রসঙ্গে আইনপ্রণেতা আল-জুবি বলেন, দুই সপ্তাহের জন্য প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ আল-থিন্নিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। স্থায়ী ভিত্তিতে কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য এখন পার্লামেন্ট সদস্যদের একমত হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাইদিনের বিরুদ্ধে ১২৪টি অনাস্থা ভোট পড়েছে।
এর আগে ১৯৪ সদস্যের আইনপ্রণেতাদের ১২০টি অনাস্থা ভোট পড়েছিল জাইদিনের বিরুদ্ধে। ফলে সে সময় তাঁকে বরখাস্ত করা যায়নি।