লিবিয়ার বিমানবন্দরে লড়াইয়ে নিহত ৪৭
লিবিয়ার প্রধান বিমানবন্দরে হামলা জোরদার করেছে দেশটির ইসলামপন্থী মিলিশিয়ারা। তবে এখনো রাজধানী ত্রিপোলির ওই বিমানবন্দর প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের নিয়ন্ত্রণেই রয়েছে।এক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে বলে গতকাল সোমবার জানিয়েছে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।খবর এএফপির।
১৩ জুলাই লড়াই শুরুর পর ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, শনিবার পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২০ জন।
বিমানবন্দরটির নিয়ন্ত্রণে থাকা মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর গত রোববার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিন ইসলামপন্থী যোদ্ধারা অন্যান্য গোষ্ঠীর যোদ্ধাদের সহায়তায় আক্রমণ শুরু করলে লড়াই বিমানবন্দরের বাইরেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যা নাগাদ সংঘর্ষ বিমানবন্দরের আশপাশেই সীমাবদ্ধ ছিল। তবে রাজধানীর উপকণ্ঠের বিভিন্ন এলাকায়ও সংঘর্ষ চলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।