লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর আন্তর্জাতিক সম্প্রদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গতকাল শুক্রবার আবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ সময় একাধিক স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। এদিকে লিবিয়ার বিরুদ্ধে অবরোধসহ বিভিন্ন পদক্ষেপের বিষয়ে জোরালো তৎপরতা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। অপর দিকে গতকালও গাদ্দাফি বলেছেন, প্রয়োজনে তিনি তাঁর সমর্থকদের হাতে অস্ত্র তুলে দেবেন। গত কয়েক দিন থমথমে থাকার পর গতকাল ত্রিপোলিতে বিক্ষোভ করে লোকজন। জুমার নামাজের পর তারা রাস্তায় নেমে আসে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী ও গাদ্দাফি-সমর্থকদের সংঘর্ষ হয়। এক বাসিন্দা বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। সুগ আল-জোম্মা এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। রাজধানীর পূর্ব প্রান্তের আসুর ও ফাসলুম এলাকা থেকে বাসিন্দারা জানান, সেখানে রাস্তার ওপর যাকে পাচ্ছে তাকেই গুলি করা হচ্ছে। গুলিতে দুজনের মৃত্যুর কথা জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় আজ-জাওয়াহি শহরে সংঘর্ষে নিহত হয় ২৩ জন। তবে গতকাল শহরটি সম্পূর্ণভাবে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আসে।এদিকে সংঘাত বন্ধে গাদ্দাফির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন চিন্তা-ভাবনা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন গতকাল বলেছেন, লিবিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করছে ইইউ। ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল লিবিয়া-পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল লিবিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ এবং সেখানে মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে তদন্তের উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।ওয়াশিংটন গতকাল জানায়, লিবিয়ার বিরুদ্ধে তারা একতরফা এবং বহুমুখী অবরোধ আরোপের চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে লিবিয়ায় তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তারা দূতাবাসের সব লোকজনকে প্রত্যাহার করে নিচ্ছে।জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান নাভি পিল্লাই গতকাল কাউন্সিলের এক জরুরি বৈঠকে জানিয়েছেন, লিবিয়ায় ‘গণহত্যায়’ সম্ভবত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। পশ্চিমা দেশগুলো চাইছে, ৪৭ দেশের এই কাউন্সিল থেকে লিবিয়াকে বাদ দেওয়া হোক। গাদ্দাফি আবারও বলেছেন, প্রয়োজনে তিনি তাঁর সমর্থকদের হাতে অস্ত্র তুলে দেবেন। গতকাল শুক্রবার রাজধানী ত্রিপোলির সেন্ট্রাল গ্রিন স্কয়ারে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি তাঁর সমর্থকদের প্রতি ‘লিবিয়াকে রক্ষা করতে’ সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজন হলে যুদ্ধ করার জন্য নিজ সমর্থকদের হাতে তিনি অস্ত্র তুলে দেবেন। গাদ্দাফি সমর্থকদের আরও বলেন, ‘তোমরা নাচো, গাও, নিজেদের তৈরি করো। বিদেশি স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের পক্ষে। তোমরা বিশ্ববাসীকে দেখিয়ে দাও যে গাদ্দাফিকে তোমরা ভালোবাসো।’এদিকে লিবিয়ার প্রসিকিউটর জেনারেল আবদুল রহমান আল-আব্বার গতকাল পদত্যাগ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূত এবং ইউনেসকোতে নিযুক্ত প্রতিনিধিও গতকাল পদত্যাগ করেন। এএফপি, রয়টার্স, বিবিসি।