লিবিয়ার সংকট সমাধানে রাশিয়া ফ্রান্স ও চীনের উদ্যোগ
লিবিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে ত্রিপোলি ও বেনগাজিতে কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। চীনও গতকাল শুক্রবার জানিয়েছে, তারা লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। আর ফ্রান্স বলেছে, গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তে রাজি করাতে তারা কাজ করে যাচ্ছে। এর মধ্যেই গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ন্যাটো।বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে ত্রিপোলির কেন্দ্রস্থলে পরপর চারটি বিস্ফোরণ হয়। এর প্রায় ১৫ মিনিট পর আরও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, সমঝোতার জন্য লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও বিদ্রোহীদের প্রধান ঘাঁটি বেনগাজিতে মস্কো একটি কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। রোমে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে বৈঠকে মেদভেদেভ সমঝোতার মাধ্যমে লিবিয়া-সংকটের সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।মেদভেদেভ সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই যতক্ষণ সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমেই লিবিয়া সমস্যা সমাধান হোক, সামরিক উপায়ে নয়।’নিরাপত্তা পরিষদের আরেক সদস্য রাষ্ট্র চীনও লিবিয়াসংক্রান্ত প্রস্তাবে ভোট দেয়নি। দেশটি গতকাল জানিয়েছে, তারা লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি এক বিবৃতিতে জানান, কাতারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং ঝিলিয়াং গত কয়েক দিনে লিবিয়ার বিদ্রোহী নেতা মুস্তাফা আবদুল জলিলের সঙ্গে বৈঠক করেছেন।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলা জুপ্পে বলেছেন, ‘গাদ্দাফি আরও একা হয়ে পড়েছেন। তাঁর কাছ থেকে আরও অনেকে সরে গেছেন।’ এএফপি ও রয়টার্স।