লিবিয়ায় অনেক শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ রাজধানী ত্রিপলিসহ আরও অনেক শহরে ছড়িয়ে পড়ছে। নিরাপত্তাবাহিনীর গুলিতে গত শনিবার আরও ২০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। এ নিয়ে সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা ১০৪ জনে দাঁড়াল। এই বিক্ষোভের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে লিবিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানা।শনিবার বেনগাজি শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে। সব মিলিয়ে নিহত ব্যক্তির সংখ্যা ১০৪ জন দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। সূত্রগুলো টেলিফোনে জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করছে। তবে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে নিহত ব্যক্তির সংখ্যা ২০০ জন ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল রোববার জানায়, নিহতের সংখ্যা ১৭৩ জনে দাঁড়িয়েছে।লিবিয়ার একটি পত্রিকার সম্পাদকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বেনগাজিতে গত শনিবার আগের দিন বিক্ষোভে নিহত ব্যক্তিদের সমাহিত করতে সমাধিস্থলে যাওয়ার পথে ক্ষুব্ধ জনতা সামরিক বাহিনীর একটি ব্যারাকে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে ১২ জন নিহত হয়। আহত হয় অনেকে। দ্য মিডল ইস্ট নিউজ নেটওয়ার্ক একজন চিকিৎসকের বরাত দিয়ে জানায়, গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেনগাজিতে বিভিন্ন ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এর একপর্যায়ে ক্ষুব্ধ জনতা সেনাসদস্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।সরকারবিরোধী বিক্ষোভ আল বেদা, আজদাবিয়া, জায়িয়া ও দারনাহ শহরসহ রাজধানী ত্রিপলিতে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর মিসুরাতায় হাজার হাজার মানুষ রাষ্ট্রীয় নিষ্ঠুরতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। বিবিসি জানায়, আল বেদা ও বেনগাজি শহরে সরকারের নিয়ন্ত্রণ নেই বলে মনে হয়। তবে রাজধানী ত্রিপলিতে বড় ধরনের কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি।এদিকে লিবীয় কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তারা এ পর্যন্ত কয়েক ডজন বিদেশি নাগরিককে আটক করেছে। তাদের অধিকাংশই আরবের বিভিন্ন দেশের নাগরিক। লিবিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানা সরকারবিরোধী বিক্ষোভে ইসরায়েলের হাত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। জানার প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা লিবিয়ার স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় ঐক্য ধ্বংস করতে চায়। বিদেশি কোনো চক্র তাদের প্রশিক্ষণ দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত মঙ্গলবার থেকে লিবিয়ার বেশ কিছু শহরে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা থানা ও সামরিক পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে তা ধ্বংসাত্মক কাজে ব্যবহার করছে।লিবিয়ার অ্যাটর্নি জেনারেল আবদেল রহমান আল আব্বার সহিংসতার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেল হত্যা ও লুটপাটের জন্য দায়ী সবাইকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন।লিবিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আল বেইদা শহরে ইসলামি চরমপন্থীরা কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যকে জিম্মি করেছে। নিরাপত্তা বাহিনীর হাতে আটক তাদের কয়েক সহযোগীকে ছাড়া না হলে জিম্মিদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। চরমপন্থীরা নিজেদের ইসলামিক এমিরেট অব বারকার সদস্য বলে পরিচয় দিয়েছে। জিম্মিদের ছাড়িয়ে নিতে বিচারমন্ত্রী মুস্তফা আবদেল জলিল চরমপন্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর গুলি চালানোর নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিক্ষোভকারীদের প্রতি সংযত আচরণ করতে লিবীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।১৯৬৯ সালে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতায় আসেন মোয়াম্মার গাদ্দাফি। তাঁর ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে গত মঙ্গলবার থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রয়টার্স, এএফপি, বিবিসি, দ্য ইনডিপেনডেন্ট।