লিবিয়ায় আতশবাজি পুড়িয়ে বিপ্লবের বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গতকাল শুক্রবার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। স্লোগানমুখর উৎফুল্ল জনতা আতশবাজি পুড়িয়ে দিনটি উদ্যাপন করে। দেশটির নতুন নেতা মুস্তাফা আবদেল জলিল সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে বলেন, ‘বিপ্লবের পক্ষ-বিপক্ষনির্বিশেষে লিবিয়ার সব নাগরিকের প্রতি আমরা হাত বাড়িয়ে দিয়েছি। তবে এই সহনশীলতার মানে এই নয় যে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা অক্ষম। দিনটিকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে দিনটি উদ্যাপনের কোনো উদ্যোগ নেয়নি নতুন সরকার। তবে গাদ্দাফিবিরোধী লড়াইয়ে নিহত ব্যক্তিদের স্মরণে দিনটি স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করছে দেশের ছোট-বড় বিভিন্ন শহরের সাধারণ মানুষ। বেনগাজি শহরের লোকজন এ ক্ষেত্রে ছিল সবচেয়ে উদ্যমী। গাদ্দাফির দীর্ঘ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা হয়েছিল এই শহর থেকেই।বেনগাজির তাহরির স্কয়ারে দিনটি উদ্যাপন কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা ওমর ফারাজ বলেন, বেনগাজির বাইরে থেকে বিশেষ বাহিনী আহ্বান করা হয়েছে। ওই চত্বর অভিমুখে গাড়ি চলাচল শিগগিরই বন্ধ করে দেওয়া হবে। বিপ্লবের এই দিনটি শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়টি নিশ্চিত করতে শহরজুড়ে বিপ্লবীদের মোতায়েন করা হয়েছে। দিবসটি উদ্যাপনে ত্রিপোলি, বেনগাজি, মিসরাতাসহ অন্যান্য শহরে বৃহস্পতিবার রাত থেকে জড়ো হতে থাকে নারী-পুরুষ ও শিশুরা। লিবীয় সেনাবাহিনীর নতুন সদস্য মুস্তাফা আহমেদ বলেন, নতুন লিবিয়ার জন্য তিনি মনপ্রাণ দিয়ে লড়বেন।ত্রিপোলির বাসিন্দা নাইমা মিসরাতি বলেন, তিনি কতটা সুখী, তা বর্ণনা করার ভাষা নেই। ত্রিপোলির সর্বত্র এখন শুধু আনন্দ।চার দশকেরও বেশি সময় ধরে লিবিয়ায় ক্ষমতাসীন ছিলেন গাদ্দাফি। ন্যাটোর সহযোগিতায় লিবিয়ার বিদ্রোহীরা গত বছর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করেন। এএফপি।