লিবিয়ায় আমরা ‘হত্যাযজ্ঞ’ বন্ধ করেছি: ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ায় আমরা ‘হত্যাযজ্ঞ’ বন্ধ করেছি। তিনি বলেন, ‘লিবিয়ায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে আমি সেখানে মানুষ হত্যা ও গণকবর দেখার জন্য অপেক্ষা করিনি।’ লিবিয়ায় সামরিক অভিযানের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান জাতির কাছে ব্যাখ্যা করতে গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে জাতির উদ্দেশে বক্তব্যে ওবামা এসব কথা বলেন। ওবামা সতর্ক করে বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হলে তা দেশটিতে ইরাকের মতো হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটাতে পারে। তিনি বলেন, লিবিয়ায় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত রাখা হবে। মার্কিন পদাতিক বাহিনীকে লিবিয়ায় পাঠানো হবে না।ওবামা বেতার ও টিভিতে সরাসরি সম্প্রচারিত তাঁর বক্তব্যে সামরিক অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের আগে কংগ্রেসের উভয় দলের নেতৃত্ব পর্যায়ে পরামর্শ করেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, কৌশলগত ও নৈতিক দায়বদ্ধতা থেকেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সাড়া দিয়েছে। বুধবার থেকেই লিবিয়ায় সামরিক অভিযানের পূর্ণ নেতৃত্ব ন্যাটো জোটের হাতে ন্যস্ত হবে।ওবামা তাঁর বক্তব্যে নয় দিন আগে দ্রুত লিবিয়ায় সামরিক হামলা অনুমোদনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, অপেক্ষার পরিণাম ভয়াবহ হতে পারত। গাদ্দাফি বিদ্রোহীদের দমনে যে গণহত্যা শুরু করেছেন, তা রোধের জন্যই দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।গাদ্দাফিকে অপসারণ করা না হলে লিবিয়া মিশন সফল হবে না—এমন বিতর্কের জবাবে ওবামা বলেন, গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হলে তা লিবিয়াসহ সারা বিশ্বের জন্যই ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে সামরিক অভিযানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। ওবামা আরও বলেন, সামরিক অভিযানের মাধ্যমে গাদ্দাফিকে অপসারণের ঘোষণা দেওয়া হলে, এতে তিনি এই অভিযানে অংশ নেওয়া মিত্রদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারতেন। ইরাকের মতো আরেকটি ভুল পথে যুক্তরাষ্ট্র পা বাড়ায়নি বলে তিনি উল্লেখ করেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, যৌথ সামরিক অভিযানের মাধ্যমে লিবিয়ার জনগণকেই তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেওয়া হয়েছে। গাদ্দাফিকে রাতারাতি ক্ষমতাচ্যুত করা যাবে না। তবে ইতিহাস এখন গাদ্দাফির পক্ষে নয়। লিবিয়ার জনগণকে সময় ও সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে, তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের।সাধারণভাবে দেশটির জনগণ প্রেসিডেন্টের বক্তব্য গ্রহণ করলেও তাৎক্ষণিক সমালোচনাও এসেছে রক্ষণশীলদের পক্ষ থেকে। রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন বলেছেন, ‘আমরা যদি বলি, গাদ্দাফি, তোমার চিন্তা নেই—যুক্তরাষ্ট্র তোমাকে ক্ষমতাচ্যুত করতে আসবে না। বিষয়টি গাদ্দাফির জন্য উৎসাহজনক হবে। গাদ্দাফিকে হটাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে একাই অভিযানে নামা উচিত।’তবে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান ইমানুয়েল ক্লেভার বলেছেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানের মতো আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার দায়ভার নিতে পারি না।’ ন্যাটোর হাতে লিবিয়া অভিযানের নেতৃত্ব যাচ্ছে—এমন ঘোষণাকে সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন।