লিবিয়ায় আল-কায়েদার তৎপরতা বাড়ছে
লিবিয়ায় আল-কায়েদার তৎপরতা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন ত্রিপোলির বিশেষ নিরাপত্তা দলের দায়িত্ব পালনকারী সাবেক মার্কিন কমান্ডার। লিবিয়ায় মার্কিন বাহিনীর ওপর জঙ্গি হামলার বিষয়ে গত বুধবার এক শুনানি চলাকালে তিনি এ কথা বলেন।সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এন্ড্রু উড বলেন, ‘লিবিয়ায় আল-কায়েদার উপস্থিতি প্রতিদিনই জোরদার হচ্ছে। তারা সেখানে অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি সংগঠিত।’ কমান্ডার উড ত্রিপোলিতে ১৬টি শক্তিশালী নিরাপত্তা দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। চলতি বছরের ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রাষ্ট্রদূতসহ চারজন নিহত হওয়ার ঘটনায় মার্কিন পার্লামেন্টের হাউস ওভারসাইট অ্যান্ড গভার্নমেন্ট রিফর্ম কমিটি আয়োজিত শুনানিতে গত বুধবার এসব কথা বলেন এই সাবেক কমান্ডার। বারবার নিরাপত্তা জোরদারের আবেদন জানানোর পরও বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে নিরাপত্তা না বাড়ানোর কারণ অনুসন্ধানে মার্কিন পার্লামেন্টের দলটি এ শুনানির আয়োজন করে। প্রাথমিকভাবে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য ছিল, মুসলিম বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর কারণে ছড়িয়ে পরা বিক্ষোভের অংশ হিসেবেই বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা হয়। কিন্তু এখন মার্কিন প্রশাসন মনে করছে, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট কোনো দলই হামলাটি চালিয়েছে। এএফপি।