লিবিয়ায় ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ
লিবিয়ায় গতকাল শনিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চার দশকেরও বেশি সময়ের স্বৈরশাসন অবসানের পর প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত লিবীয় নাগরিকেরা। নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ তৈরি হলেও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। সহিংসতার কারণে বিশেষ করে পূর্বাঞ্চলীয় এলাকার বেশ কিছু ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।এই সাধারণ নির্বাচনের মাধ্যমে লিবিয়ার জন্য একটি অস্থায়ী জেনারেল ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় পরিষদ নির্বাচিত করা হবে। পরিষদের মূল কাজ হবে একটি মন্ত্রিসভা গঠন এবং একজন প্রধানমন্ত্রী বাছাই করা।লিবিয়ায় ১৯৬৪ সালের পর এটাই প্রথম সাধারণ নির্বাচন। নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ২৮ লাখ। ১০০টির বেশি রাজনৈতিক দল এতে অংশ নেয়। তবে যুদ্ধকালীন লিবিয়ার প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন লিবারেল অ্যালায়েন্স অব ন্যাশনাল ফোর্সেসসহ তিনটি দলের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড কনস্ট্রাকশন পার্টির জয়ের সম্ভাবনা বেশি। তবে গাদ্দাফিবিরোধী-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া উদারপন্থীরাও নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।গতকাল স্থানীয় সময় সকাল আটটায় (গ্রিনিচ মান সময় ভোর ছয়টায়) ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। রাজধানী ত্রিপোলির ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই উৎসাহী ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ত্রিপোলির আলি আবদুল্লাহ ওয়ারিথ স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে হাজির হন ফাউজিয়া ওমরান (৪০) নামের এক নারী। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার যে আনন্দ হচ্ছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। এটা একটা ঐতিহাসিক দিন। আমি আমার পছন্দের প্রার্থী ঠিক করেছি। আশা করি, এটা সঠিক পছন্দ এবং আমার পছন্দের প্রার্থী আমাদের হতাশ করবে না।’ কালো, লাল এবং সবুজ পতাকা সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হয় অনেকেই। এটা বিদ্রোহের সেই রং যা লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে গত বছর ক্ষমতাচ্যুত করেছিল। লিবিয়ার মসজিদে মসজিদে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হয়। রাজধানীর রাস্তায় রাস্তায় উৎসবের আমেজ দেখা গেছে।ত্রিপোলির বাইরে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতেও ভোটারদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা গেছে। গাদ্দাফিবিরোধী আন্দোলনের সূতিকাগার এই শহরের একটি ভোটকেন্দ্রের সামনের সারিতে সবার আগে দাঁড়িয়েছিলেন হুয়েইদা আবদুল শেখ। ৪৭ বছর বয়সী এই নারীর প্রত্যাশা, এই ভোট তাঁর নিজের এবং সন্তানদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে। তিনি বলেন, ‘একজন লিবীয় হিসেবে এবং একজন নারী হিসেবে আমি একটি উন্নত জীবনের প্রতীক্ষায় আছি।’তবে বেনগাজিসহ পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে সহিংসতার খবর দিয়েছেন কর্মকর্তারা। গতকাল বিক্ষোভকারীরা সেখানে বেশ কিছু কেন্দ্রে ভোট গ্রহণে বাধা দিয়েছে। জাতীয় পরিষদে পূর্বাঞ্চলের প্রতিনিধির সংখ্যা নিয়ে অসন্তুষ্ট সেখানকার বাসিন্দারা। তেলসমৃদ্ধ ওই এলাকার জন্য পরিষদের মোট ২০০ আসনের মধ্যে ৬০ আসন বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের জন্য যথাক্রমে ১০০ এবং ৪০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। পূর্বাঞ্চল থেকে প্রতিনিধির সংখ্যা বাড়ানো না হলে ভোট বানচাল করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছিল তারা। পূর্বাঞ্চলের অনেকেরই আশঙ্কা, মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনামলে তারা যেমন কোণঠাসা হয়েছিল, এখনো তেমনটি ঘটতে যাচ্ছে।বেনগাজির একজন নির্বাচন কর্মকর্তা বলেন, পূর্বাঞ্চলীয় আজদাবাইয়া শহরের কিছু ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ভোট শুরুর আগেই সেখানকার নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। এর আগে গত শুক্রবার বেনগাজির কাছে নির্বাচনী সরঞ্জামবাহী একটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা। হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করলেও একজন নির্বাচন কর্মকর্তা নিহত হন। আরেক কর্মকর্তা জানান, লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জালো এবং ওজলাসহ বেশ কয়েকটি এলাকাতেও ভোট গ্রহণ ব্যাহত হয়েছে। সেখানে ফেডারেল লিবিয়া গঠনের সমর্থকেরা নিবাচনের সরঞ্জামবাহী একটি বিমানকে উড্ডয়ন করতে দেয়নি। রাজধানী ত্রিপোলির কিছু এলাকাতেও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন একজন কর্মকর্তা। তবে সেখানে ভোট গ্রহণ বিলম্বিত হওয়ার খবর তিনি নাকচ করে দেন। এএফপি, বিবিসি।