লিবিয়ায় কয়েদিদের ওপর নির্যাতনের নতুন অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গাদ্দাফিপন্থী কয়েদিদের কারাগারের বাইরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের সঙ্গে দাপ্তরিকভাবে স্বীকৃত সেনা ও নিরাপত্তাকর্মীরা যেমন জড়িত, পাশাপাশি আইনগত কাঠামোর বাইরের সশস্ত্র মিলিশিয়ারাও নির্যাতন করে থাকে বন্দীদের।বিদ্রোহীদের হাতে লিবিয়ার সাবেক শাসক কর্নেল গাদ্দাফি নির্মমভাবে নিহত হওয়ার ১০০ দিনের মাথায় এ অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ করেছেন স্বয়ং কয়েদিরা। এ ছাড়া মানবাধিকারকর্মীরাও এমন অভিযোগ তুলেছেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে চিকিৎসাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান মেদিসি স ফ্রতিয়ের্স কারাবন্দীদের ওপর নির্যাতনের মাত্রা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় মিসরাতা শহরের আটক কেন্দ্রে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়। অবশ্য মিসরাতা শহরের সামরিক কাউন্সিলের প্রধান এসব অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই লিবিয়ার সব কারাগারের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মিসরাতা শহরের আটক কেন্দ্রের কয়েদিরা বলেছেন, তাঁদের দীর্ঘ সময় ধরে পেটানো হয়। বিদ্যুতের তার দিয়ে তাঁদের কশাঘাত করা হয়। তবে নির্যাতন করা হয় কারাগারের বাইরের কোনো স্থানে নিয়ে গিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বন্দী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সেনাবাহিনী-নিয়ন্ত্রিত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে নির্মমভাবে পেটানো হয়। বেদম পিটুনিতে তাঁর পা ফুলে যায়। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে এ ধরনের নির্যাতনের ঘটনা চলছে পুরো লিবিয়ায়।লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র গত শুক্রবার বলেন, দাপ্তরিকভাবে স্বীকৃত সেনা ও নিরাপত্তাকর্মীদের পাশাপাশি আইনগত কাঠামোর বাইরের সশস্ত্র মিলিশিয়াদের হাতেও নির্যাতনের শিকার হচ্ছেন কয়েদিরা। মিসরাতার আটক কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, নির্যাতনের উদ্দেশ্যে কারাবন্দীদের বাইরের কোথাও নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত রয়েছেন। তবে এটা থামানোর ক্ষমতা তাঁদের নেই। লিবিয়ার অনেকগুলো আটক কেন্দ্র রয়েছে, যেগুলো নিয়ন্ত্রণ করছে সশস্ত্র মিলিশিয়ারা। এসব মিলিশিয়ার কার্যক্রমের জন্য সরকারের কাছে কোনো ধরনের জবাবদিহি করতে হয় না। বন্দীদের সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই। তাঁর মতে, বিশেষ করে আফ্রিকার সাব-সাহারার অঞ্চলের যেসব যোদ্ধা গাদ্দাফির পক্ষে যুদ্ধ করতে এসেছিলেন বলে মনে করা হয়, তাঁদের ওপরই বেশি নির্যাতন করা হচ্ছে। গত শুক্রবার নাভি পিল্লাই বলেন, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এমনকি ধর্ষণের শিকারও হচ্ছেন কয়েদিরা। তবে মিসরাতার সামরিক কাউন্সিলের প্রধান ইব্রাহিম বেইতমাল এসব নির্যাতনের সঙ্গে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যারা অভিযোগ করছে তাদের গোপন কোনো উদ্দেশ্য রয়েছে । মানবাধিকারকর্মী বা চিকিৎসকের ছদ্মাবেশধারী ওই ব্যাক্তিরা গাদ্দাফির সহযোগী। জাতিসংঘের হিসাবে লিবিয়ার কারাগারগুলোতে বর্তমানে প্রায় সাড়ে আট হাজার বন্দী রয়েছেন। তাঁদের অধিকাংশই গাদ্দাফির অনুসারী । বিবিসি।