লিবিয়ায় গাদ্দাফি সমর্থক বাহিনীর ১০০ ট্যাংক আটক
লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির সমর্থক আধা সামরিক বাহিনীর কাছ থেকে অন্তত ১০০টি ট্যাংক আটক করা হয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেলমোনেম আল-হুর বলেন, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তারহুনা এলাকায় নিরাপত্তা বাহিনী বুধবার অভিযান চালিয়ে এসব ট্যাংক আটক করে। এ সময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে প্রায় ৩০টি রকেট উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং তিনজন জঙ্গি পালিয়ে যেতে সমর্থ হয়।সরকারি কর্মকর্তারা বলেন, গাদ্দাফিপন্থী বাহিনী ত্রিপোলিতে গত রোববারের গাড়িবোমা হামলায় জড়িত ছিল। এদিকে লিবিয়ার উত্তরাঞ্চলে উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া ত্রিপোলির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জ-লিতান শহরে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। লিবিয়ায় গণবিক্ষোভ ও লড়াইয়ের মধ্য দিয়ে গত বছর গাদ্দাফিকে উৎখাত করা হয়। যোদ্ধাদের হাতে এখনো অস্ত্রশস্ত্র রয়ে গেছে। দেশটিতে নিয়ন্ত্রণ স্থাপনে বর্তমানে হিমশিম খাচ্ছে নতুন সরকার। বিবিসি।