লিবিয়ায় গুলিতে বিদ্রোহীদের সামরিক প্রধান নিহত
লিবিয়ার বিদ্রোহীদের সামরিক শাখার প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ ইউনিস গুলিতে নিহত হয়েছেন। এ সময় আরও দুই ব্যক্তি নিহত হন। গত বৃহস্পতিবার ইউনিসের নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়।জেনারেল ইউনিসের নিহত হওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁর মরদেহ কোথায় আছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনাকে বিদ্রোহীদের মধ্যে বিভক্তির আভাস হিসেবে দেখা হচ্ছে। জেনারেল ইউনিস গাদ্দাফি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।বিদ্রোহীদের গঠিত বেনগাজিভিত্তিক ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদেল জলিল জানান, জেনারেল ইউনিস বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ‘সামরিক বিভিন্ন বিষয়ে জেরা করতে’ জুডিশিয়াল কমিটিতে ডেকে পাঠানোর পর সশস্ত্র অস্ত্রধারীরা তাঁকে গুলি করে হত্যা করে। এ সময় আরও দুজন সামরিক কর্মকর্তা নিহত হন। তিনি আরও জানান, জেনারেল ইউনিসের মরদেহ এখনো পাওয়া যায়নি। তবে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।ইউনিসকে কোথায় হত্যা করা হয়েছে, তাও স্পষ্ট নয়। তবে অস্ত্রধারীদের সঙ্গে গাদ্দাফির অনুগত সেনাদের সখ্য রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জানা যায়, বিদ্রোহীদের সব নেতার কাছে সমানভাবে বিশ্বস্ত ছিলেন না জেনারেল ইউনিস। গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরুর প্রাক্কালে বিদ্রোহীদের দমনে কঠোর ভূমিকা পালন করেছিলেন তিনি। পরে গাদ্দাফির পক্ষ ছেড়ে দিয়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন।এনটিসির সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আবদেল জলিল সাংবাদিকদের বলেন, ‘আমি সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমাদের ব্যাপারে গাদ্দাফির সেনাদের গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই।’জেনারেল ইউনিস নিহত হওয়ার পর বেনগাজির স্থানীয় বাসিন্দারা সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। ইউনিসের সম্প্রদায়ের নেতা ও তাঁর অনুগত সেনারা এটা ঘটাতে পারে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবদেল জলিল বেনগাজির টিবেশি হোটেলে সংবাদ সম্মেলনে জেনারেল ইউনিসের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। এর পরপর দুটি গাড়িতে করে অন্তত ১২ জন সশস্ত্র ব্যক্তি ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ওই হোটেলের কাছে পৌঁছায়। তারা চিৎকার করে জেনারেল ইউনিসের নিহত হওয়ার ঘটনায় এনটিসিকে দায়ী করে। তবে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বুঝিয়ে শান্ত করেন। ইউনিসের নিহত হওয়ার ঘটনা গাদ্দাফিবিরোধী অভিযানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। নর্থ আফ্রিকা রিস্ক কনসাল্টিংয়ের জিওফ পোর্টার বলেন, ‘এনটিসির অনেক সদস্য দীর্ঘ সময় ধরে গাদ্দাফির অনুগত ছিলেন। অনেকেই বিদ্রোহ শুরুর অনেক পরে এনটিসির সঙ্গে যোগ দেন। আগামীতে এমন সদস্যদের সঙ্গে প্রকৃত বিদ্রোহীদের আরও বিভক্তির চরম উদাহরণ আমাদের দেখতে হতে পারে।’ত্রিপোলিতে বিস্ফোরণ: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বৃহস্পতিবার রাতে তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ সময় সামরিক জোট ন্যাটোর বিমান ত্রিপোলির আকাশ দিয়ে উড়ে যায়। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল জামাহিরিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, বৃহস্পতিবার ন্যাটো ত্রিপোলির বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এএফপি ও রয়টার্স।