লিবিয়ায় চালকবিহীন মার্কিন বিমান ব্যবহারের অনুমোদন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী চালকবিহীন যুদ্ধবিমান (ড্রোন) ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। সামরিক জোট ন্যাটোর নেতৃত্বে লিবিয়া অভিযানে ওই যুদ্ধবিমান ব্যবহূত হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গত বৃহস্পতিবার এ তথ্য জানান। প্রেসিডেন্ট ওবামার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। মার্কিন সিনেটর জন ম্যাককেইন গতকাল লিবিয়ার বিদ্রোহীদের দখলে থাকা শহর বেনগাজি সফরে গেছেন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোকে ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি চালকবিহীন বিমান দেবে। লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য চালকবিহীন বিমানগুলো ব্যবহার করা হবে। শুক্রবার থেকেই ওই বিমান লিবিয়ায় হামলা শুরু করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি বলেন, এমন বিমান ব্যবহারের ফলে গাদ্দাফি বাহিনীর ট্যাংক এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানা সম্ভব হবে।প্রতিরক্ষামন্ত্রী গেটস বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমাদের কিছু ক্ষমতা আছে, যা অন্য কারও নেই। তিনি সে ক্ষমতা ব্যবহার করতে চান এবং তা অনুমোদনও করেছেন।’ চালকবিহীন বিমান ব্যবহারের অনুমোদন দেওয়া হলেও লিবিয়ায় মার্কিন স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন গেটস।বর্তমানে আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের কিছু এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ ধরনের চালকবিহীন বিমান ব্যবহার করছে। লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্র চালকবিহীন বিমান ব্যবহারের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে লিবিয়ার সরকার। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম বলেন, এ ধরনের বিমান ব্যবহার করা হলেও যুদ্ধের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। কিন্তু এতে বেসামরিক জনগণের হতাহতের সংখ্যা আরও বাড়বে, যা দুঃখজনক। চালকবিহীন বিমান ব্যবহারে প্রেসিডেন্ট ওবামার উদ্যোগকে স্বাগত জানিয়ে লিবিয়ার ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র মুস্তাফা ঘেরিয়ানি বলেন, ‘আমরা অত্যন্ত খুশি। আশা করি, ওই বিমান ব্যবহার করে মিসরাতা শহরে গাদ্দাফি বাহিনীকে পরাজিত করা যাবে। মিসরাতার জনগণকে রক্ষা করা সম্ভব হবে।’ প্রসঙ্গত, প্রায় ছয় সপ্তাহ ধরে মিসরাতা শহর অবরুদ্ধ করে রেখেছে গাদ্দাফি বাহিনী। বিদ্রোহীদের সঙ্গে সাধারণ জনগণও অবরুদ্ধ হয়ে পড়েছে। মার্কিন সিনেটর জন ম্যাককেইন গতকাল বেনগাজি সফরে গেলে বিদ্রোহীরা তাঁকে স্বাগত জানান। বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র, ওবামা ও ম্যাককেইনের সমর্থনে স্লোগান দেয়। বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের নেতাদের সঙ্গে ম্যাককেইনের সাক্ষাৎ করার কথা। মিসরাতায় যুদ্ধের খবর ও ছবি সংগ্রহ করতে গিয়ে মর্টার হামলায় নিহত ফটোসাংবাদিক টিম হেটেরিংটন ও ক্রিস হন্ড্রোসের মরদেহ বেনগাজি শহরে নেওয়া হয়েছে। সেখানে কূটনীতিক, সাংবাদিক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিদ্রোহীরা নানা আয়োজনে তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এএফপি ও বিবিসি।