লিবিয়ায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল
লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির কারণে গত বছরের শেষ দিকে সমৃদ্ধ ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিটনের মধ্যস্থতায় ওই সংকট নিরসন করা হয়। উইকিলিকসে প্রকাশিত এক নথি থেকে এ তথ্য জানা গেছে।নথির তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে উচ্চসমৃদ্ধ ইউরেনিয়ামভর্তি সাতটি ধাতব পিপা লিবিয়ার একটি পরমাণু স্থাপনায় রাখা হয়েছিল। মাত্র একজন পাহারাদার ওই পিপাগুলোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। যেকোনো মুহূর্তে সেগুলো ছিনতাই হওয়ার ঝুঁকিতে ছিল।এর ওপর বিজ্ঞানীরা হুঁশিয়ার করে দিয়ে বলেন, ৫ দশমিক ২ কেজি ইউরেনিয়ামভর্তি ওই পিপাগুলো ফেটে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।বিজ্ঞানীদের হুঁশিয়ারির পর ত্রিপোলির মার্কিন ও রুশ দূতাবাসের পক্ষ থেকে লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। একটি রুশ বিমানে ওই পিপাগুলো সরিয়ে নেওয়ার কথা থাকলেও লিবীয় কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়নি।পরে হিলারি ক্লিনটন ব্যক্তিগত বার্তা পাঠিয়ে অনুরোধ করায় গাদ্দাফির রাগ পড়ে। তিনি ইউরেনিয়ামভর্তি ওই পিপাগুলো সরিয়ে নেওয়ার অনুমতি দেন। গত বছরের ২১ ডিসেম্বর রুশ বিমানে ওই পিপাগুলো সরিয়ে নেওয়া হয়। এএফপি।