লিবিয়ায় দলে দলে অস্ত্র সমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং দ্বিতীয় প্রধান শহর বেনগাজিতে শত শত লিবীয় নাগরিক অস্ত্র জমা দিয়েছে। এসব অস্ত্রের মধ্যে বন্দুক ও বিমানবিধ্বংসী কামানের পাশাপাশি রকেট লঞ্চার, এমনকি ট্যাংকও রয়েছে। দেশটির মিলিশিয়া গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার লক্ষ্যে সেনাবাহিনীর আহ্বানে শনিবার অস্ত্র সমর্পণের এই উদ্যোগ নেওয়া হয়।বেনগাজিতে সশস্ত্র হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস মারা যাওয়ার পর কর্তৃপক্ষ সশস্ত্র অবৈধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার উদ্যোগ নেয়। একটি বেসরকারি টেলিভিশনের মাধ্যমে মিলিশিয়া বাহিনীগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়েই শত শত ব্যক্তি তাদের কাছে থাকা অস্ত্র সেনাবাহিনীর কাছে জমা দেয়। মুয়াম্মার গাদ্দাফি সরকারের বিরুদ্ধে গত বছর আন্দোলন করতে গিয়ে বহু মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল।বেনগাজিতে অস্ত্র সমর্পণের অন্যতম উদ্যোক্তা আহমেদ সালেম বলেন, আট শতাধিক মানুষ সেখানে অস্ত্র জমা দিয়েছে। বিভিন্ন ধরনের ছয় শতাধিক অস্ত্র জমা পড়েছে। ত্রিপোলিতে অস্ত্র সমর্পণকারীদের মধ্যে সাবেক যোদ্ধারাও রয়েছে। এদিন অন্তত ২০০ গাদ্দাফিবিরোধী যোদ্ধা অস্ত্র জমা দিয়েছে। ত্রিপোলিতে জমা দেওয়া অস্ত্রের মধ্যে দুটি ট্যাংকও রয়েছে। গত ১১ সেপ্টেম্বর মার্কিন রাষ্ট্রদূত স্টিভেনস নিহত হওয়ার পর লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মাগারিফ অবৈধ সব মিলিশিয়াকে নিরস্ত্র করার ঘোষণা দেন। বিবিসি।