লিবিয়ায় নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে এনটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) গত সোমবার দেশটির নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আবদুল রহিম আল-কেইবকে নির্বাচিত করেছে। একই দিন সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে মূল ভূমিকা পালনকারী ন্যাটো লিবিয়ায় আনুষ্ঠানিকভাবে বিমান অভিযান বন্ধের ঘোষণাও দিয়েছে।অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে সাংবাদিকদের উপস্থিতিতে ত্রিপোলিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে এনটিসির ৫১ সদস্যের মধ্যে ২৬ জন কেইবের পক্ষে ভোট দেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কেইবের সঙ্গে আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এনটিসির চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিল বলেছেন, ‘এই ভোট প্রমাণ করে লিবিয়ার মানুষ তাঁদের ভবিষ্যৎ গড়তে সক্ষম।’লিবিয়ায় অল্প পরিচিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ কেইব যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। পরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতে শিক্ষকতা করেছেন। ত্রিপেলির বাসিন্দা কেইব শিক্ষকতার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত। কেইব অধিকাংশ সময়ই লিবিয়ার বাইরে কাটিয়েছেন। এনটিসি জানায়, সদ্য সমাপ্ত গাদ্দাফিবিরোধী আন্দোলনে বিদ্রোহীদের অর্থের জোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কেইব।কেইব অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে ত্রিপোলি সফর করেন ন্যাটোর প্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেন। সফরকালে মুস্তাফা আবদুল জলিলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রাসমুসেন বলেন, ‘আজ মধ্যরাতে ন্যাটোর ঐতিহাসিক সফল অধ্যায়ের পরিসমাপ্তি হচ্ছে। তবে আপনারাও লিবিয়ার ইতিহাসের নতুন অধ্যায় লিপিবদ্ধ করবেন।’পশ্চিমা শক্তি গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরুর সাত মাস পর রাসমুসেন লিবিয়া সফরে যান। গাদ্দাফিকে উৎখাত করতে ন্যাটোর বিমান হামলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর আগে রাসমুসেন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নতুন লিবিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের সংস্কারে সাহায্য করতে ন্যাটো প্রস্তুত। এ ছাড়া সদস্য দেশগুলো লিবিয়ার সীমান্ত রক্ষায় সহায়তা করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল রহিম আল-কেইব বলেন, ‘আমরা বিপ্লবীদের সালাম জানাই। আমরা কোনো দিনই তাঁদের ভুলব না।’ এএফপি ও রয়টার্স।