লিবিয়ায় নতুন বিদ্রোহ শুরু হবে: সাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি বলেছেন, দেশটির নতুন শাসকদের বিরুদ্ধে নতুন করে বিদ্রোহ শুরু হবে। তিনি দেশে ফিরতে পারেন বলেও আভাস দেন। গত শুক্রবার সাদি গাদ্দাফি আল-আরাবিয়া টেলিভিশনকে টেলিফোনে এসব কথা বলেন। গত আগস্টে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধারা ত্রিপোলি দখল করে নিলে নাইজারে পালিয়ে যান সাদি। কয়েক মাসের মধ্যে এই প্রথম সাদি প্রকাশ্যে কথা বললেন।টেলিফোনে সাদি জানান, তিনি নাইজার থেকে সেনাবাহিনী, মিলিশিয়া বাহিনী, এনটিসি ও গাদ্দাফির পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘আমি যেকোনো সময় দেশে ফিরতে পারি।’লিবিয়ার প্রসঙ্গ টেনে সাদি বলেন, ‘বিদ্রোহ শুধু কিছু এলাকায় সীমিত থাকবে না, জামাহিরিয়ার সব অঞ্চলে এটা ছড়িয়ে পড়বে এবং তা অব্যাহত থাকবে। আমার ধারণা, বিদ্রোহ দিনের পর দিন বড় হতে থাকবে।’ তিনি বলেন, ‘দেশের দক্ষিণ, পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিদ্রোহ হবে। শিগগিরই লিবিয়ার সব অঞ্চলে মানুষ বড় ধরনের গণ-অভ্যুত্থান দেখতে পাবে।’আগামী জুনে লিবিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার দেশটির ক্ষমতা গ্রহণ করে। তবে সরকার যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে।লিবিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে তুমুল লড়াই করেছে। তবে এই গোষ্ঠীর সদস্যরা এখনো অস্ত্রসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছে।গত মাসে গাদ্দাফির সাবেক শক্ত ঘাঁটি বনি ওয়ালিদে স্থানীয় মানুষ সশস্ত্র বিদ্রোহ করার পর সরকার সেখানকার নিয়ন্ত্রণ হারায়। এতে এনটিনি কর্তৃপক্ষ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। এএফপি ও রয়টার্স।