লিবিয়ায় ন্যাটোর ভূমিকা নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া অভিযানে সামরিক জোট ন্যাটোর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল মঙ্গলবার তাঁদের অসন্তুষ্টির কথা জানান। লিবিয়ার সংকট সমাধানে আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তি প্রস্তাবের পরদিন তাঁরা এই অসন্তোষ প্রকাশ করেন।লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল জানিয়েছে, ন্যাটোর বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও পুলিশ নিহত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি লিবিয়ায় যুদ্ধের কারণে আটকে পড়া বেসামরিক জনগণকে সহায়তায় দেশটির রাজধানী ত্রিপোলিতে কার্যালয় খোলার কথা ঘোষণা করেছে। এদিকে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম তাঁর বাবার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিদ্রোহীদের দাবিকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর ওপর ন্যাটোর হামলা আরও জোরদার করতে হবে। তিনি লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকেও ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে লুক্সেমবার্গে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী হেগ এ কথা বলেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ন্যাটো বাহিনীকে শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্য গত সপ্তাহেও লিবিয়া অভিযানের জন্য অতিরিক্ত হেলিকপ্টার পাঠিয়েছে।’ তিনি বলেন, ‘অন্য দেশগুলো আমাদের অনুসরণ করলে আমরা স্বাগত জানাব।’ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলা জুপে গতকাল বলেন, সামরিক জোট ন্যাটো লিবিয়ার বেসামরিক জনগণকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে না। তিনি বলেন, ন্যাটোর উচিত, মিসরাতায় গাদ্দাফি বাহিনীর ভারী অস্ত্রশস্ত্র লক্ষ্য করে হামলা চালানো। কাতারের রাজধানী দোহায় লিবিয়ার একটি কন্টাক্ট গ্রুপের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জুপে এ কথা বলেন।লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে গাদ্দাফি বাহিনী। সেখানে তারা ইইউর যুদ্ধবিরতির আহ্বানকে অর্থহীন ঘোষণা দিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।লিবিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা সতর্ক করে দিয়ে বলেছেন, বিভক্তির কারণে লিবিয়ায় গৃহযুদ্ধ লেগে যেতে পারে। আর এর ফলে লিবিয়া আরেকটি সোমালিয়ায় পরিণত হবে। গাদ্দাফির একসময়ের বিশ্বস্ত সহযোগী মুসা কুসা লিবিয়া ত্যাগ করে এখন ব্রিটেনে অবস্থান করছেন। গত সোমবার বিবিসিকে তিনি তাঁর এই আশঙ্কার কথা জানান।ব্রিটেনে আসার পর গতকালই মুসা মুখ খোলেন। লিবিয়ার বিদ্রোহীরা আফ্রিকান ইউনিয়নের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি এই মন্তব্য করেন। মুসা কুসা বলেন, গৃহযুদ্ধের পরিস্থিতি এড়ানোর জন্য লিবিয়ার সব পক্ষের মধ্যে ঐক্য অপরিহার্য।লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল জামাহারিয়া গতকাল জানায়, ত্রিপোলির দক্ষিণাঞ্চলে কিকলা শহরে ন্যাটোর বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও পুলিশ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে নিহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রিপোলিতে কার্যালয় খোলার ঘোষণা দেওয়ার পর গাদ্দাফির মন্ত্রীরা সতর্ক করে দিয়ে বলেন, বেসামরিক জনগণকে সহায়তার নামে বিদেশি সেনাদের সহায়তা দেওয়া হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। এএফপি, রয়টার্স।