লিবিয়ায় পাঁচ হাজার ক্ষেপণাস্ত্রের সন্ধান
লিবিয়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য প্রায় পাঁচ হাজার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সন্ধান পেয়েছে মার্কিন বিশেষজ্ঞ দল। দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকার এসব ক্ষেপণাস্ত্র ফেলে যায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার এ তথ্য জানায়।মার্কিন মুখপাত্র মার্ক টোনার বলেন, সুনির্দিষ্ট তালিকা না থাকায় ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা বলা কঠিন। এ ছাড়া ন্যাটো বাহিনীর বিমান হামলায় বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।টোনার বলেন, ‘লিবিয়ার বর্তমান সরকার বেসামরিক রক্ষী বাহিনীকে নিরস্ত্র করে পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তাদের সমর্থন করি। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো চেষ্টা করছে লিবিয়ায় ঠিক কত সংখ্যক ক্ষেপণাস্ত্র ছিল, যা বেসামরিক বিমানব্যবস্থার জন্য হুমকি হতে পারে।’তবে গাদ্দাফিবিরোধী আন্দোলন চলাকালে লিবিয়ার অস্ত্রভান্ডার থেকে লুট হয়ে যাওয়া কিছু অস্ত্র ক্রয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে যে গুজব ছড়িয়ে পড়ে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি টোনার। তিনি বলেন, ‘আমি শুধু বলব, আমরা বিমান নিরাপত্তা ঝুঁকি নিয়ে কাজ করছি। এ লক্ষ্যে বিভিন্ন পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা চলছে।’ এএফপি।