লিবিয়ায় প্রচণ্ড লড়াই চলছে বিদ্রোহীদের স্বীকৃতি ফ্রান্সের
লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের অনেক শহরে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের প্রচণ্ড লড়াই চলছে। দুই পক্ষই পাল্টাপাল্টি সাফল্য দাবি করছে। এর মধ্যে দুই পক্ষের কূটনৈতিক লড়াইও জোরদার হয়েছে। ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে লিবিয়ার বিদ্রোহী দলকে স্বীকৃতি দিয়েছে। তারা বলেছে, বিদ্রোহীদের নেতৃত্বাধীন ন্যাশনাল লিবিয়ান কাউন্সিলই (এনএলসি) এখন লিবিয়ার সরকারের বৈধ প্রতিনিধি। আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আদায়ে গাদ্দাফি তাঁর প্রতিনিধি পাঠাচ্ছেন বিভিন্ন দেশে। লিবিয়াকে নো-ফ্লাই জোন ঘোষণা নিয়ে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার থেকে বৈঠকে বসেছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তাহের সাইয়ালা গতকাল গ্রিসের রাজধানী এথেন্সে সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিস ডলিসের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।গাদ্দাফির অপর ঘনিষ্ঠজন মেজর জেনারেল আবদুল রহমান আল-জাওয়ি গতকাল একটি ব্যক্তিগত বিমানে মিসরের রাজধানী কায়রো পৌঁছেছেন। তবে তাঁর এই সফরের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া আরও এক প্রতিনিধিকে আলোচনার জন্য পর্তুগালে পাঠিয়েছেন গাদ্দাফি।ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দপ্তর থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য লিবিয়ার বিদ্রোহীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে। ওই দপ্তর থেকে আরও জানানো হয়, এনএলসিকে তারা লিবিয়ার বৈধ প্রতিনিধি বলে মনে করে। লিবিয়াকে নো-ফ্লাই জোন ঘোষণার লক্ষ্য নিয়ে গতকাল থেকে দুই দিনের বৈঠকে বসেছে ন্যাটো ও ইইউ। ন্যাটোর মহাসচিব ফগ রাসমুসেন বলেছেন, ‘ন্যাটো লিবিয়ায় হামলা চালাতে চাইছে না। তবে সম্ভাব্য সবকিছুর জন্য আমরা আমাদের সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।’লিবিয়ায় যদি সামরিক অভিযান চালানো হয় তাহলে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইতালির সামরিক ঘাঁটিগুলো। ইতালি বলেছে, ন্যাটো, ইইউ বা জাতিসংঘ লিবিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তারা তা সমর্থন করবে।ত্রিপোলির পাশের শহর জাবিয়াহ গত বুধবার আবার নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। জাবিয়াহ থেকে বিদ্রোহী নেতা ইব্রাহিম টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আল্লাহকে অসংখ্য শুকরিয়া, আমরা শহরের কেন্দ্রস্থল দখলে নিয়েছি। এটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই, গাদ্দাফির বিরুদ্ধে লড়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই।’আল-জাজিরা টেলিভিশন জানায়, জাবিয়াহ শহরে বিদ্রোহীরা গাদ্দাফির পক্ষের সেনাদের কয়েকজনকে হত্যা করেছে। এর মধ্যে একজন জেনারেল ও একজন কর্নেলও আছেন।এর আগে সরকারি বাহিনী দাবি করে, তারা জাবিয়াহ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে লোকজন বিজয় উৎসব করছে। বিবিসির তিন সাংবাদিক জাবিয়াহ শহরে ঢোকার চেষ্টা করলে গাদ্দাফির সেনারা তাদের আটক ও মারধর করে।গাদ্দাফি বাহিনীর হামলা ও গোলাবর্ষণের মুখে পূর্বাঞ্চলের অনেক এলাকা থেকে পিছু হটছে বিদ্রোহীরা। এর মধ্যে বিন জাওয়াদ শহর থেকে তারা সরে গেছে। সেখান থেকে আবদুল ইয়াহিয়া নামের এক বিদ্রোহী বলেন, ‘লড়াইয়ের জন্য আমরা বিন জায়য়াদে এসেছিলাম, কিন্তু গোলাবর্ষণের মুখে পিছু হটতে বাধ্য হয়েছি।’পূর্বাঞ্চলের আরেক শহর রাস লানুফেও দুই পক্ষে তুমুল লড়াই চলছে। গতকাল সেখানে আবারও বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় গাদ্দাফি বাহিনী। এ ছাড়া সেখানে গতকাল একটি তেল স্থাপনায় বড় ধরনের বিস্ফোরণ হয়। বিদ্রোহীদের ন্যাশনাল কাউন্সিলের নেতা মুস্তাফা আবদুল জলিলের মাথার জন্য চার লাখ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে লিবিয়া সরকার। আবদুল জলিল গাদ্দাফির বিচারমন্ত্রী ছিলেন। বিক্ষোভ শুরু হওয়ার পর পদত্যাগ করে তিনি বিপক্ষে চলে যান। এএফপি, রয়টার্স, বিবিসি।