লিবিয়ায় প্রথম আত্মঘাতী বোমায় নিহত ৭
লিবিয়ার বেনগাজি শহরের কাছে একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া ওই হামলায় সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত আটজন আহত হন। গতকাল রোববার এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে এই প্রথম কোনো আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটল। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম ওই শহরের ৫০ কিলোমিটার পূর্বদিকে আগুইরিয়া গ্রামের নিরাপত্তাচৌকি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বিস্ফোরকভর্তি একটি ট্রাকে। সাম্প্রতিক মাসগুলোতে বেনগাজিসহ এর চারদিকের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। উগ্রপন্থী মিলিশিয়ারা প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। বেনগাজির সেনা কর্মকর্তা আয়মেন আল আবদালির উদ্ধৃতি দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, একটি টয়োটা ট্রাক নিরাপত্তাচৌকিতে এসে থামে। সেনাসদস্যরা তল্লাশির জন্য ট্রাকটির কাছে গেলে গাড়িটি বিস্ফোরিত হয়। বিবিসি।