লিবিয়ায় বন্দিশিবিরে নির্যাতনে মারা যাচ্ছে বন্দীরা: অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, লিবিয়ার বন্দিশিবিরগুলোতে নির্যাতনে মারা যাচ্ছে বন্দীরা। ত্রিপোলি, মিসরাতা ও ঘেরায়ান শহরে এমন নির্যাতনের শিকার অনেক ব্যক্তির মাথা, বাহু ও পিঠে ক্ষত দেখা গেছে দাবি করেছেন সংস্থার কর্মকর্তারা।দাতব্য সংস্থা মেডিসিন সান ফ্রন্টিয়ার্স নির্যাতিত ১১৫ রোগীকে চিকিৎসা দেওয়ার পর মিসরাতায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। রোগীদের বেহাল অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।অ্যামনেস্টির একজন মুখপাত্র বলেন, ‘লিবিয়ায় বন্দীদের নির্যাতনের সঙ্গে জড়িত সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো। এ ছাড়া বেআইনিভাবে কাজ চালিয়ে যাচ্ছে এমন সশস্ত্র বিদ্রোহীরাও এ কাজ করছে।’মেডিসিন সান ফ্রন্টিয়ার্স জানিয়েছে, বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করে তাদের কাছে আনা হচ্ছে। সংস্থার পরিচালক ক্রিস্টোফার স্টোক বলেন, ‘আমাদের কাজ যুদ্ধের সময় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করে একই রোগীকে বারবার নিয়ে আসা হলে আমরা তাদের চিকিৎসা করতে রাজি নই।’জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাইয়ের তথ্যমতে, লিবিয়ায় প্রায় ৬০টি বন্দিশিবিরে সাড়ে আট হাজারের বেশি মানুষকে বন্দী করে রাখা হয়েছে। বেশির ভাগের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা গাদ্দাফির অনুসারী ছিলেন। বিবিসি।