লিবিয়ায় বিভিন্ন শহরে লড়াই পাল্টাপাল্টি বিজয় দাবি
লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে গাদ্দাফির সমর্থক বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে তুমল লড়াই চলছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি বিজয় দাবি করছে। গতকাল রোববার সরকারপক্ষ দাবি করে, জাবিয়াহ, রাস লানুফ, মিসুরাতা ও তোবরুক শহর তাদের নিয়ন্ত্রণে এসেছে। তবে বিক্ষোভকারীরা বলছে, সরকারের দাবি সঠিক নয়, অনেক শহর এখনো তাদের নিয়ন্ত্রণে। এদিকে রাজধানী ত্রিপোলিতে গতকাল রোববার তুমুল গোলাগুলি হয়েছে।আল-জাজিরা টেলিভিশন জানায়, গতকাল খুব সকালে ত্রিপোলির কেন্দ্রস্থলে তুমুল গোলাগুলি হয়েছে। তবে কারা এই গোলাগুলির সঙ্গে জড়িত এবং এতে কোনো প্রাণহানি হয়েছে কি না, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম দাবি করেন, রাজধানীতে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলছি, ত্রিপোলিতে কোনো গোলাগুলি হয়নি। সবাই নিরাপদে আছে। ত্রিপোলির ১০০ ভাগ আমাদের নিয়ন্ত্রণে। যে শব্দ পাওয়া যাচ্ছে, তা মানুষের আতশবাজি পোড়ানোর শব্দ। লোকজন রাস্তায় নেচে-গেয়ে আনন্দ করছে।’এ ছাড়া রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, মিসুরাতা ও আজ-জাবিয়াহ শহর থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। সেখানেও লোকজন উৎসব করছে। তবে ওই দুই শহর থেকে বিক্ষোভকারীরা জানায়, সরকারের এই দাবি ভিত্তিহীন।এদিকে বার্তা সংস্থা এপি জানায়, পূর্বাঞ্চলের শিরতি শহরের কাছে গতকাল বিক্ষোভকারীদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। বিক্ষোভকারীরা শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। সরকারি বাহিনী মিসরাতা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করলেও ওই শহর থেকে বাসিন্দারা জানায়, শহরটি এখনো পুরোপুরি বিদ্রোহীদের দখলে। তবে গতকাল সকালে শহরের বিমানবন্দর ও বিমানঘাঁটিতে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।এ ছাড়া পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অন্যতম নেতা বশির আবদুল গাদির জানান, তাঁরা আল-নাওফালিয়াহ শহর দখল করে নিয়েছেন এবং সিরতে শহরের দিকে অগ্রসর হচ্ছেন। পূর্বাঞ্চলের রাস লানুফ শহর থেকে বিক্ষোভকারীরা দাবি করেছে, তারা গাদ্দাফি বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। হেলিকপ্টারটি সাগরে গিয়ে পড়েছে। শহরটি আবার তাদের নিয়ন্ত্রণে এসেছে।ত্রিপোলি থেকে মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমের শহর জাবিয়ায় গতকাল খুব সকালে আকস্মিক আক্রমণ চালিয়ে দখল করে নিয়েছে গাদ্দাফি সমর্থক বাহিনী। ট্যাংক ও ভারী সাঁজোয়া যান নিয়ে ওই হামলা চালানো হয়। জাবিয়া থেকে এক বিক্ষোভকারী জানান, অনেক মানুষ হতাহত হয়েছে। অসংখ্য ট্যাংক শহরে ঢুকে পড়েছে। তবে দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ওই শহরের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যাচ্ছে গাদ্দাফি সমর্থক বাহিনী।এদিকে বেনগাজিতে সরকারবিরোধীদের গঠিত অন্তর্বর্তীকালীন কাউন্সিলের প্রধান সাবেক বিচারমন্ত্রী মুস্তাফা আবদুল জলিল জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের লক্ষ্যে তাঁরা তৎপরতা শুরু করেছেন। এ জন্য গাদ্দাফির পক্ষ ছেড়ে চলে আসা কূটনীতিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে। লিবিয়ায় সরাসরি সামরিক অভিযানের পরিবর্তে এখন মানবিক সাহায্যের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে পশ্চিমা দেশগুলো। খাদ্য-ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে।সাস সদস্যদের জিম্মির বিষয়ে কিছু জানায়নি ব্রিটেন: এদিকে লিবিয়ায় বিক্ষোভকারীদের হাতে ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ রেজিমেন্ট স্পেশাল এয়ার সার্ভিস বা সাসের আট সদস্য জিম্মির বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর কোনো কথা বলতে রাজি হয়নি। প্রতিরক্ষামন্ত্রী শুধু এটুকু বলেছেন, কূটনীতিকদের একটি ছোট দল বেনগাজিতে গেছে এবং তাদের সঙ্গে সরকারের যোগাযোগ আছে। এএফপি, রয়টার্স, বিবিসি ও আলজাজিরা।